আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার পরও উরুগুয়ে জাতীয় দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রয়োজন হলে দেশের ডাকে সাড়া দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন ২০২৪ সালে। তবে সময় যত যাচ্ছে, ততই যেন সেই সিদ্ধান্ত নতুন করে ভাবাচ্ছে সুয়ারেজকে। সম্প্রতি উরুগুয়ের ক্রীড়া দৈনিক ‘দিয়ারিও ওভাসিওন’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, জাতীয় দলের দরজা তার জন্য পুরোপুরি বন্ধ নয়।
সুয়ারেজ বলেন, ‘জাতীয় দল সবসময়ই আপনার স্বপ্নের জায়গা। বিশ্বকাপ সামনে, যদি দল আমাকে প্রয়োজন মনে করে-আমি কখনোই না বলব না। দেশের জন্য না বলা আমার পক্ষে অসম্ভব।’
৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, তিনি মূলত নতুনদের সুযোগ করে দিতেই অবসর নিয়েছিলেন। তার ভাষায়, ‘আমি অনুভব করেছিলাম, এমন একটা সময় এসেছে যখন হয়তো দলের জন্য আগের মতো অবদান রাখতে পারছি না। তাই সরে দাঁড়িয়েছি।’
উরুগুয়ের হয়ে ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪৩ ম্যাচে ৬৯ গোল করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে অবসর নেন সুয়ারেজ। তবে অবসর নেয়ার পর মানসিক দিক থেকে কিছুটা পরিবর্তনও টের পাচ্ছেন তিনি। এই তারকা বলেন, ‘ফুটবলের প্রতি যে আগ্রহ, আবেগ-সেটা একটু হলেও কমে গেছে।’
বর্তমানে তিনি খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে। নতুন মৌসুমে নিজের প্রথম গোলটি করেছেন অস্টিনের বিপক্ষে ২-২ ড্র ম্যাচে।
দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো তার পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘লুইস অসাধারণ খেলেছে। সমতা ফেরাতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, আরও কয়েকটি সুযোগও তৈরি করেছিল।’
আগামী শনিবার নিউ ইয়র্ক বুলসের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। সেই ম্যাচেও দলের আক্রমণের বড় ভরসা থাকবেন সুয়ারেজ।
