আওয়ামী লীগকে খারাপ বলা হলেও ক্ষমতা ধরে রাখতে তাদের করা আইনগুলোই এখন বর্তমান সরকারের কাছে ‘ভালো’ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে স্থানীয় সরকারসংক্রান্ত বিলের ওপর আলোচনাকালে এ কথা বলেন তিনি।
এদিন বিরোধী দলের সদস্যদের তীব্র আপত্তি সত্ত্বেও ‘জেলা পরিষদ (সংশোধন) বিল’ এবং ‘স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল’ পাস হয়েছে। এর প্রতিবাদে সন্ধ্যা ৬টার দিকে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। চলতি অধিবেশনে এটি তাদের তৃতীয় দফা ওয়াকআউট।
বিলের ওপর আলোচনায় হান্নান মাসুদ বলেন, ‘অন্তর্বর্তী সরকার বিশেষ পরিস্থিতিতে অধ্যাদেশ জারি করেছিল। এখন আবার কী বিশেষ পরিস্থিতি তৈরি হলো যে নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে দলীয় প্রশাসক বসানো হচ্ছে? এর মাধ্যমে স্থানীয় সরকারকে ফেইলিওরদের ক্লাবে পরিণত করা হচ্ছে।’
তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের গণতান্ত্রিক ব্যবস্থাকে এই আইনের মাধ্যমে ‘গলা টিপে হত্যা’ করা হয়েছে।
বিরোধীদের আপত্তির মুখে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, এই আইন না হলে দায়িত্ব ফিরে পাবে ‘ফ্যাসিবাদের দোসররা’। তিনি জানান, এই আইনের আওতায় ভবিষ্যতে দলীয় প্রতীক ছাড়াই ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে বিরোধীদলীয় নেতা ওয়াকআউটের ঘোষণা দিলে স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদ প্রশ্ন তোলেন, আইন প্রণয়নের সব প্রক্রিয়ায় অংশগ্রহণের পর এই ওয়াকআউটের কোনো মানে আছে কি না।
এর আগে অধিবেশনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল উত্থাপিত হলে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা থেকে জামায়াতে ইসলামীর নাম বাদ দেয়ার দাবি জানান দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই সংজ্ঞায় যে বিভাজন আনা হয়েছে, তা স্বাধীনতার পর কোনো সরকারই করেনি।
ওয়াকআউট শেষে সংসদ সদস্য আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে একতরফাভাবে এমন সব আইন পাস করছে যা কেবল তাদের ক্ষমতাকেই বৃদ্ধি করে। জনবিরোধী আইন পাসের প্রতিবাদেই তারা সংসদ কক্ষ ত্যাগ করেছেন।
