মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে পোড়া মরদেহ উদ্ধার

রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীর সম্পূর্ণ পুড়ে যাওয়ায় তার পরিচয় বা বয়স শনাক্ত করা সম্ভব হয়নি।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে মৌচাক ফ্লাইওভারের ওপরের জোড়ার মাঝখানের ফাঁকা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, শনিবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ফ্লাইওভারের স্তূপের মধ্যে পোড়া মরদেহটি পাওয়া যায়। মরদেহটি এতটাই দগ্ধ হয়েছে যে সেটি পুরুষ না নারীর, তাও নিশ্চিত হওয়া যাচ্ছে না।

পুলিশ জানায়, শুক্রবার (১০ এপ্রিল) রাতে মৌচাক ফ্লাইওভারের ওপর একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনেন। পরদিন শনিবার রাতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ফ্লাইওভারের ময়লা পরিষ্কার করতে গেলে পোড়া মরদেহটি দেখতে পান এবং পুলিশে খবর দেন।

এসআই মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের ওই আগুনেই পুড়ে মারা গেছেন ওই ব্যক্তি। তবে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ ও নিহতের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Read Previous

সংসদে পাস হওয়া বিল নিয়ে যা বললেন আইন এবং স্বরাষ্ট্রমন্ত্রী

Read Next

মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় রাজশাহীতে বিএনপি নেতাকে জরিমানা

Most Popular