দুদিনের সফরে নিজ জেলা কক্সবাজারে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

দুদিনের এক সরকারি সফরে সোমবার (১৩ এপ্রিল) নিজ জেলা কক্সবাজারে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরকালে তিনি টেকনাফে একটি জনগুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেয়াসহ স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করবেন।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সচিবালয় থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সফরসূচি অনুযায়ী, রাত ৭টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেবেন। এরপর রাত ৮টা ১৫ মিনিটে তিনি সড়কপথে টেকনাফের উদ্দেশে যাত্রা করবেন এবং রাত ১০টায় টেকনাফ বিজিবি রিসোর্টে পৌঁছাবেন। সেখানেই তিনি রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘কৃষক কার্ড বিতরণ’ কর্মসূচির উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে প্রান্তিক কৃষকদের মাঝে কার্ড বিতরণ করবেন এবং বক্তব্য রাখবেন।

কর্মসূচি শেষে দুপুর ১টায় তিনি পুনরায় কক্সবাজার সার্কিট হাউসের উদ্দেশে টেকনাফ ত্যাগ করবেন। দুপুর ২টায় কক্সবাজার সার্কিট হাউসে উপস্থিত হয়ে নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন। এরপর বিকেল ৪টায় তিনি বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন এবং বিকেল ৪টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে প্রস্থান করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁর গুলশানের বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া। মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

Read Previous

হরমুজে সামরিক সমাধানের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে যা বলল তুরস্ক

Read Next

এপ্রিলের ১২ দিনেই দেশে রেমিট্যান্স এলো ১৪৪ কোটি ডলার

Most Popular