রাজধানীর ডেমরা এলাকায় ছেলের ছুরিকাঘাতে ইসরাফিল (৪৭) নামে মাদকাসক্ত বাবা খুন হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) ভোরে ডেমরা উত্তর বাজার জামে মসজিদ সংলগ্ন একটি বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
নিহত ইসরাফিলের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। বর্তমানে ডেমরা এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন তিনি।
নিহতের স্ত্রী সুরিয়া বেগম জানান, দুই ছেলে ও এক মেয়ের জনক-জননী তারা। তার স্বামী ইসরাফিল বহু বছর যাবত মাদকাসক্ত। কোনো কাজ করতের না তিনি। গত পরশুদিন এবং গতকালকেও তিনি স্ত্রীর কাছ থেকে ৫০০ করে ১ হাজার টাকা নিয়েছেন। আজ ভোরেও স্ত্রীর কাছে আবার টাকা চায়। স্ত্রী টাকা দিতে পারবে না জানালে তার সঙ্গে ঝগড়া হয় এবং স্ত্রীকে মারধর শুরু করে। একপর্যায়ে তাদের ছোট ছেলে নূর হোসেন (১৭) প্রতিবাদ করে। পরে বাবা ছেলের মধ্যে হাতাহাতি হলে একপর্যায়ে নূর হোসেন তার বাবার বুকে ছুরিকাঘাত করে। এতেই তিনি মারা যান।
সুরতহাল প্রতিবেদনে ডেমরা থানা উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ উল্লেখ করেন, ছেলের ছুরিকাঘাতে মাদকাসক্ত বাবা খুন হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
