ঢাকা প্রিমিয়ার লিগের আসন্ন আসরে খেলা নিয়েই অনিশ্চয়তা ছিল লিজেন্ডস অব রুপগঞ্জের। সেই দলই দলবদলের শেষ সময়ে এসে চমক দেখাল। আজ (১৯ এপ্রিল) জাতীয় দলের দুই তারকা লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজকে দলে ভিড়িয়েছে তারা।
রোববার (১৯ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সিসিডিএম কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত মৌসুমে মিরাজ মোহামেডান এবং লিটন গুলশান ক্লাবের হয়ে খেললেও এবারই প্রথম তারা রূপগঞ্জের জার্সিতে মাঠে নামবেন।
দলবদলের পর মিরাজের সঙ্গে একই দলে খেলা নিয়ে নিজের অনুভূতি হিসেবে লিটন বলেন, ‘সত্যি বলতে মিরাজের সঙ্গে লিগে আগে খেলিনি। জাতীয় দলে তো অনেক খেলেছি, কিন্তু ঢাকা লিগে মিরাজের সঙ্গে প্রথমবার খেলব। খেলার পর বলতে পারব (রোমাঞ্চ কাজ করছে কিনা)।’
তিনি আরও যোগ করেন, ‘বাদল ভাইকে (দলের মালিক) আগে থেকেই চিনি, উনি সব সময় ভালো দল বানানোর চেষ্টা করেন। সিনিয়র ক্রিকেটার হিসেবে তো আমাদের চেষ্টা থাকেই। যে কয়টা ম্যাচে সুযোগ পাবো, চেষ্টা করবো ক্লাবকে সাহায্য করার চেষ্টা করব।’
প্রথমবার লিজেন্ডস অব রুপগঞ্জে খেলার অভিজ্ঞতা নিয়ে মিরাজ বলেন, ‘প্রথমবার লিজেন্ডস অফ রূপগঞ্জে খেলছি, ক্লাব ক্রিকেটে বাদল ভাইয়ের অবদান অনেক। তার দলে জাতীয় দলের অনেকেই খেলেছে। দল অনেক ভালো হয়েছে, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। জাতীয় দলে তো একসাথে অনেক খেলেছি, কিন্তু ক্লাব ক্রিকেটটা আলাদা। এখানে মানিয়ে নেয়ার বিষয় থাকে। বন্ডিং ঠিক থেকে খেলতে পারলে আমরা (রূপগঞ্জ) চ্যাম্পিয়ন হবো।’
এদিকে, গত ৮ এপ্রিল বিসিবিতে অনুষ্ঠিত দলবদল সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভায় ছিলেন না রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল। কানাঘুষা ছিল, লিগে নাও খেলতে পারে তার দল। তবে শেষমেশ সেসব গুঞ্জন ধোপে টেকেনি। বিসিবি সভাপতি তামিম ইকবাল ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুরোধে প্রিমিয়ার লিগে এসেছেন বলে জানিয়েছে রূপগঞ্জ। মিরাজ-লিটনকে নিয়ে দল গড়ে স্বপ্ন দেখছে শিরোপার।
রূপগঞ্জের কর্ণধার বলেন, ‘ক্রীড়া প্রতিমন্ত্রী এবং তামিম ইকবালের অনুরোধেই এসেছি। আশা করি দুই আইকন (মিরাজ ও লিটন) নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে থাকব। লিটন, মিরাজরা চলে গেলে জাতীয় দলের আরো যেসব খেলোয়াড় আছে, ওদের কেউ অধিনায়কত্ব করবে। ওরা (লিটন ও মিরাজ) নিজেরাই ঠিক করে নেবে, কে অধিনায়ক হবে (হাসি)।’
মিরাজ-লিটন ছাড়াও ঘরোয়া ক্রিকেটের একঝাঁক পরীক্ষিত তারকাকেও নিশ্চিত করেছে রূপগঞ্জ। এই তালিকায় রয়েছেন সাইফ হাসান, শেখ মেহেদী, নাসুম আহমেদ ও শরিফুল ইসলামের মতো জাতীয় দলের নিয়মিত মুখ।
অভিজ্ঞদের পাশাপাশি আশিকুর রহমান শিবলি ও সামিউন বশির রাতুলের মতো প্রতিভাবান তরুণদের নিয়ে একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে ক্লাবটি। অভিজ্ঞ ও তারুণ্যের এই মিশেল আসন্ন প্রিমিয়ার লিগে রূপগঞ্জকে শিরোপার দৌড়ে অন্যতম শক্তিশালী প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠিত করলো।
