২০ বছর পূর্ণ করতে যাচ্ছে ‘গ্যাংস্টার’, প্রকাশ্যে এলো সিনেমার অজানা গল্প!

অনুরাগ বসু পরিচালিত বলিউড কাল্ট ক্লাসিক সিনেমা ‘গ্যাংস্টার: এ লাভ স্টোরি’ ২০২৬ সালের ২৮ এপ্রিলে মুক্তির ২০ বছর পূর্ণ করতে যাচ্ছে। ভারতীয় সিনেমার ইতিহাসে মাইলফলক তৈরি করা এ সিনেমাটি ঘিরে তাই প্রকাশ্যে এসেছে নতুন কিছু অজানা গল্প।

সিনেমা তৈরির গল্পটাও যে আরেক সিনেমায় মোড়ানো থাকে তাই এখন প্রমাণ করছে আলোচিত এ সিগনেচার চলচ্চিত্রটি। সম্প্রতি এ সিনেমার পরিচালক অনুরাগ বসু প্রকাশ্যে এনেছেন সিনেমাটি নির্মাণের পেছনের কিছু অজানা ও মজার গল্প।

অনুরাগ বসু জানান, এই সিনেমার মূল আইডিয়াটি এসেছিল মহেশ ভাটের কাছ থেকে। ভাট সাহেব শুধু একটি লাইন তাকে বলেছিলেন‘একজন গ্যাংস্টারকে তার প্রেমিকা ধোঁকা দিচ্ছে।’- এই ভাবনা থেকেই জন্ম নেয় সিনেমা ‘গ্যাংস্টার’।

তখন অবশ্য অনুরাগ ‘লাইফ ইন আ মেট্রো’র চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন। সেই কাজ থেকে বিরতি নিতেই মাত্র দুই সপ্তাহেরও কম সময়ে তিনি লিখে ফেলেন ‘গ্যাংস্টার’ এর পুরো স্ক্রিপ্ট।

সিনেমায় ‘সিমরান’ চরিত্রের জন্য অনুরাগ একজন পাহাড়ি মেয়ে খুঁজছিলেন। অনেক অডিশন নেয়ার পর কঙ্গনা রানাউতকে দেখা মাত্রই তার মনে হয়েছিল, একেই খুঁজছিলেন তিনি। তবে কঙ্গনাকে নেয়ার আগে আরো ৫-৬ দিন অপেক্ষা করেছিলেন অনুরাগ, যদি আরও ভালো কাউকে পাওয়া যায়! শেষ পর্যন্ত কঙ্গনাই হয়ে ওঠেন বলিউডের নতুন সেনসেশন।

আপনি জানলে আরও অবাক হবেন, সিনেমাটির শুটিং যখন শুরু হয় অনুরাগ বসু তখন ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন। সবাই তাকে বিশ্রাম নিতে বললেও তিনি জেদ ধরে দক্ষিণ কোরিয়ায় শুটিং করতে যান।

এ সিনেমার আরও একটি চমকপ্রদ তথ্য হলো ‘গ্যাস্টার’ সিনেমার বাজেট ছিল মাত্র সাড়ে তিন কোটি। খরচ বাঁচাতে সেখানে এক ছোট ইউনিট নিয়ে কাজ করেছিলেন। অনুরাগ সেই স্মৃতিচারণা করে বলেন,
আমাদের বাজেট কম ছিল, তাই আমরা নিজেরাই রান্না করতাম। আমি ডাল রাঁধতাম আর কঙ্গনা পেঁয়াজ কাটতো।

অল্প বাজেট, শারীরিক অসুস্থতা ও একঝাঁক নতুন প্রতিভা নিয়ে শুরু হওয়া এ সিনেমা আজ বলিউডের ইতিহাসে একটি মাইলফলক। অনুরাগ বসুর সাহসী পরিচালনা আর কঙ্গনা রানাউত-ইমরান হাশমীদের দুর্দান্ত অভিনয় দর্শকদের মুগ্ধ করে প্রেক্ষাগৃহে।

২০০৬ সালে ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই এটি বক্স অফিসে কমার্শিয়াল হিট বনে জায়গা করে নেয়। শুধু তাই নয়, মাত্র ৩ থেকে ৫ কোটির সিনেমা বিশ্বব্যাপী আয় করে নেয় ১৬.৮৫ কোটিরও বেশি অর্থ।

প্রীতমের সুরে এ সিনেমার গান দর্শক জনপ্রিয়তা পায়। বিশেষ করে ‘ইয়া আলী’ গানটি কালজয়ী হয়ে আছে আজও। ৫২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে প্রথম সিনেমা দিয়েই কঙ্গনা রানাউত জেতেন ‘সেরা নবাগত অভিনেত্রী’র পুরস্কার।

প্রসঙ্গত, ধারণা করা হয় ‘গ্যাস্টার’ সিনেমাটি আংশিকভাবে ভারতের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমকে নিয়ে নির্মিত। পাশাপাশি অভিনেত্রী মনিকা বেদীর বাস্তব সম্পর্কের ছায়াও আংশিকভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে কালজয়ী ‘গ্যাংস্টার’ সিনেমায়।

Read Previous

রেসলিং থেকে অবসর নিলেন লেসনার!

Read Next

সবাই মিলে কাজ করলে দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular