শিক্ষামন্ত্রীর স্পষ্ট নির্দেশনা অমান্য করে এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে ফেসবুক লাইভ করার অভিযোগ উঠেছে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে হোমনা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সংসদ সদস্য সেলিম ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজ ‘অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি’ থেকে সরাসরি সম্প্রচার (লাইভ) শুরু করেন। ৮ মিনিট ৫৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তিনি হোমনা সরকারি কলেজ ভবনের সিঁড়ি বেয়ে দোতলায় উঠে একাধিক পরীক্ষা কক্ষের সামনে অবস্থান নিচ্ছেন। এ সময় তিনি দায়িত্বরত শিক্ষক ও পরীক্ষার্থীদের বিভিন্ন নির্দেশনা দেন। একপর্যায়ে তিনি একটি কক্ষের ভেতরে ঢুকে এক পরীক্ষার্থীকে প্রশ্ন করেন, ‘পরীক্ষা সহজ হইছে নাকি?’ এরপর তিনি আরও কয়েকটি কক্ষ পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কঠোর নির্দেশনা দিয়েছিলেন। তিনি স্পষ্টভাবে জানান, ‘কোনো জনপ্রতিনিধি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।’
শিক্ষামন্ত্রীর সেই নির্দেশনা জারি হওয়ার ১০ দিনের মাথায় একজন সংসদ সদস্যের এমন কর্মকাণ্ডকে সুস্পষ্ট নিয়ম লঙ্ঘন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
পরীক্ষার হলের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ যেখানে নিষিদ্ধ, সেখানে একজন সংসদ সদস্যের দীর্ঘ সময় ধরে লাইভ করা নিয়ে কুমিল্লায় সচেতন মহলে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক অভিভাবক বলেন, ‘একজন সংসদ সদস্য আইনের প্রণেতা হয়ে নিজেই যদি সরকারি আদেশ অমান্য করেন, তবে সাধারণ মানুষের কাছে কী বার্তা পৌঁছাবে? পরীক্ষার স্পর্শকাতর পরিবেশে এভাবে লাইভ করা সম্পূর্ণ অনভিপ্রেত ও অনৈতিক।’
এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। জেলা শিক্ষা প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
