চুক্তি ভঙ্গের দায়ে পিএসএলে নিষিদ্ধ শানাকা, চাইলেন ক্ষমা

মাঝপথে টুর্নামেন্ট ছেড়ে যাওয়ার অভিযোগে লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই শাস্তির ফলে ২০২৭ সালের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোনো দলের হয়ে মাঠে নামতে পারবেন না তিনি।

লাহোর কালান্দার্সের সাথে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় ২১ মার্চ হঠাৎ করে ব্যক্তিগত কারণ দেখিয়ে শানাকা সরে দাঁড়ালে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পিসিবি। শেষ পর্যন্ত তাঁর ব্যাখ্যা গ্রহণযোগ্য না হওয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পিসিবির আয়োজিত শুনানিতে শানাকা নিজের ভুলের জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “পিএসএল থেকে সরে দাঁড়ানোয় আমি অনুতপ্ত। পাকিস্তানের সাধারণ মানুষ, সমর্থক এবং বিশেষ করে লাহোর কালান্দার্সের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। ভবিষ্যতে আবারও নতুন উদ্যমে এই টুর্নামেন্টে ফিরতে চাই।”

পিএসএল ছাড়ার পরপরই শানাকা রাজস্থান রয়্যালসে স্যাম কারানের বদলি হিসেবে যোগ দিলেও এখন পর্যন্ত আইপিএলে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। লঙ্কান এই ক্রিকেটার দাবি করেছেন, অন্য কোথাও খেলার লোভে তিনি পিএসএল ছাড়েননি। তবে চুক্তির বরখেলাপ প্রমাণিত হওয়ায় পিসিবি তাঁদের সিদ্ধান্তে অটল থাকে।

শানাকার আগে একই কারণে শাস্তির মুখে পড়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। ইসলামাবাদ ইউনাইটেড ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ায় তাঁকে পিএসএলে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, মোস্তাফিজুর রহমানের বদলি হিসেবে কেকেআর তাঁকে দলে নিলেও এখন পর্যন্ত সাত ম্যাচের মধ্যে মাত্র দুটিতে খেলার সুযোগ পেয়েছেন তিনি।

টুর্নামেন্টের শৃঙ্খলা ও ফ্র্যাঞ্চাইজিগুলোর স্বার্থ রক্ষায় বিদেশি ক্রিকেটারদের এমন ‘আনপ্রফেশনাল’ আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Read Previous

‘বন্ধ পাটকলগুলো ইজারার মাধ্যমে পুনরায় চালু কর‍তে চাই’

Read Next

অবশেষে বুমরাহর উইকেট প্রাপ্তি ও তিলকের সেঞ্চুরি, জয়ে ফিরলো মুম্বাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular