বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শিশু আব্দুল্লাহর

নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে আব্দুল্লাহ নামের আট বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বাবা বিদ্যুতায়িত হলে তাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায় ওই শিশু।

সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই এলাকার অটোরিকশাচালক আল আমিন ও আসমা খাতুন দম্পতির একমাত্র সন্তান। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অটোরিকশাচালক আল আমিন নিজের বাড়িতে অটোরিকশা চার্জ দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে তারে আটকে যান। বাঁচার জন্য তিনি চিৎকার শুরু করলে তার আট বছরের ছেলে আব্দুল্লাহ বাবাকে রক্ষা করতে দ্রুত ছুটে আসে। কিন্তু বাবাকে স্পর্শ করার সাথে সাথেই সে-ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

স্বামী ও সন্তানের এমন অবস্থা দেখে শিশুটির মা আসমা খাতুন দ্রুত বাড়ির বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন। এতে আল আমিন প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শিশু আব্দুল্লাহ। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ হৃদয়বিদারক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

Read Previous

নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

Read Next

ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়া হবে, সংসদে প্রধানমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular