৮ বিভাগেই কালবৈশাখী ঝড়সহ বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা

টানা কয়েকদিনের বৃষ্টিতে তীব্র গরম বিদায় নিয়ে কিছুটা স্বস্তি ফিরেছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে ৩৩ ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রার পারদ। এই অবস্থার মধ্যেই বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় (২ দিন) দেশের ৮ বিভাগেই কালবৈশাখী ঝড়সহ বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে এই সময়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীর খেপুপাড়ায় দেশের সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে নোয়াখালীর হাতিয়ায় ১১২ মিলিমিটার ছাড়াও নারায়ণগঞ্জে ১০৪, রাজশাহীর বাঘাবাড়ীতে ৮৪, টাঙ্গাইলে ৭৫, পটুয়াখালীতে ৭২, বরিশালে ৭০, ঢাকায় ৬৫, চাঁদপুরে ৬৪ মিলিমিটারসহ দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টি হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় দেশের সর্বোচ্চ ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Read Previous

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

Read Next

বিএনপি আমলে শেয়ারবাজারে লুটপাট হয়নি, এবারও হবে না: অর্থমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular