শিগগিরই ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরু হতে পারে: ইসরাইল

নিজেদের লক্ষ্য অর্জনে ইসরাইল শিগগিরই ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক অনুষ্ঠানে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত বছর ইরান ‘অত্যন্ত কঠিন আঘাত’ পেয়েছে। যে আঘাতগুলো বহু বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে জমে ছিল।

ইসরাইল কাৎজ বলেন, ‘আমাদের সামনে থাকা চ্যালেঞ্জ আরও বাড়বে, তবে একই সঙ্গে আঞ্চলিক বাস্তবতা বদলে দেয়ার মতো ঐতিহাসিক সুযোগও রয়েছে।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের লক্ষ্য অর্জনে যৌথভাবে কাজ করছেন। তাদের লক্ষ্য হলো ইরান যেন ভবিষ্যতে ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং তথাকথিত ‘মুক্ত বিশ্বের’ অস্তিত্বের জন্য কোনো হুমকি হয়ে না ওঠে।

এদিকে যুক্তরাষ্ট্র যেকোনো সময় ইরানে হামলা চালাতে পারে বলে সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। তিনি বলেন, যুদ্ধবিরতি চললেও যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে পারে ট্রাম্প প্রশাসন।

আরেক গণমাধ্যম এক্সিওসের খবরে বলা হয়, তেহরানে হামলার নতুন পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে ব্রিফ করেছে মার্কিন সামরিক বাহিনী। ট্রাম্পের কাছে উচ্চপর্যায়ের সামরিক ব্রিফিংয়ে ইরানে নতুন করে হামলার তিনটি বিকল্প পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

প্রথম পরিকল্পনায় রয়েছে স্বল্পস্থায়ী ও শক্তিশালী বিমান হামলা। দ্বিতীয় বিকল্প হরমুজ প্রণালির আংশিক নিয়ন্ত্রণ নিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালু করা। তৃতীয় বিকল্প ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ভাণ্ডার দখলে বিশেষ বাহিনীর অভিযান। তবে নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

Read Previous

ইসলামে শ্রমিকের অনন্য মর্যাদা

Read Next

মসুর ডাল খেলে কী ঘটে শরীরে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular