১৫ ওভারের খেলায় ১০৩ রানের লক্ষ্য দিয়ে জিতবেন? ম্যাজিক্যাল কিছু না হলে জয় যে অসম্ভবের কাতারে, সেটা কে না জানে! তাও আবার নিউজিল্যান্ডের মতো একটি দলের সঙ্গে। তবে শরিফুল ইসলাম নিজের প্রথম ওভারেই ২ উইকেট নিয়ে বাংলাদেশকে আশা দেখানো শুরু করেন।
শরিফুল নিজের দ্বিতীয় ওভারে আরেকটি উইকেট নিলে সেই আশায় আরও জোয়ার লাগে। বাংলাদেশ পুরোপুরি ম্যাচে ফিরে শেখ মেহেদী নিক ক্যালিকে শিকার করলে। তখন দলীয় রান ৩৩, কিন্তু টাইগাররা শেষ পর্যন্ত পারল না। বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফটের ব্যাটে নিউজিল্যান্ড আর কোনো উইকেট না হারিয়েই জিতেছে।
মিরপুরে জ্যাকবসের ৩১ বলে ৬২ রানের ঝড়ে ২০ বল হাতে রেখে জিতেছে নিউজিল্যান্ড। ম্যাচের ফলটা চট্টগ্রামের সেই প্রথম টি-টোয়েন্টির মতো। সেখানে বাংলাদেশ ৬ উইকেটে জিতেছিল। আর আজ ৬ উইকেটে হারল, যদিও এটা ডিএল মেথডে। এর ফলে ১-১ ব্যবধানে সমতায় থেকে সিরিজ শেষ হলো। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
১০২ রান ডিফেন্ড করতে নামা বাংলাদেশ শরিফুলের কল্যাণে দ্বিতীয় ওভারেই ২ উইকেট তুলে নেয়। অন্যপ্রান্তে বাকিরা খরুচে হলেও ২৩ রান করা রবিনসনকে ফিরিয়ে শরিফুল আবার উইকেট নেন। মেহেদী ক্যালিকে বোল্ড করেন পঞ্চম ওভারের শেষ বলে। বাংলাদেশি অফস্পিনার এতটাই জোরের ওপর বল ছুঁড়েছিলেন যে, ক্যালি বিশ্বাসই করতে পারছিলেন না তার বেল উড়ে গেছে।
বাংলাদেশ এরপর অবশ্য আর দাপট দেখাতে পারেননি। নিজের শেষ ওভারে শরিফুলই দিয়েছেন ১৫ রান। উইকেট ধরে রেখে শেষের দিকে ঝড় তুলেন জ্যাকবস। রিপন মণ্ডলের দ্বিতীয় ওভারে ১৪ রান উঠানোয় অবদান রাখা এই ব্যাটার রিশাদের তৃতীয় ওভারের ৪ বলেই নেন ১৬ রান। নিজের ইনিংসে ৩টি ছয় ও ৫টি চার হাঁকিয়ে অপরাজিত থাকেন তিনি। ফক্সক্রফট অপরাজিত থাকেন ১৫ রানে।
