বান্দরবানের আলীকদম উপজেলায় হামের উপসর্গ নিয়ে তাংতুই ম্রো (৯) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই এলাকায় হামের উপসর্গে মোট পাঁচ শিশুর মৃত্যু হলো।
শনিবার (২ মে) সকালে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম পোয়ামুহুরী এলাকার ডাকাতি পাড়ায় নিজ বাড়িতে শিশুটি মারা যায়।
বর্তমানে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে ২৬ জন রোগী ভর্তি রয়েছেন।
লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাংতুই ম্রো গত ২২ এপ্রিল হামের লক্ষণ নিয়ে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল। চিকিৎসা শেষে সুস্থ বোধ করায় ২৮ এপ্রিল তাকে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু আজ সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্ত শিশুদের বেশির ভাগই জ্বর, সর্দি ও শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে আসছে। তবে এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় এবং উপজেলা সদর থেকে যাতায়াত ব্যবস্থা কঠিন হওয়ায় অনেক আক্রান্ত শিশু হাসপাতালে পৌঁছাতে পারছে না। ফলে আক্রান্ত শিশুদের মাধ্যমে অন্যদের মাঝেও দ্রুত এ রোগ ছড়িয়ে পড়ছে।
পরিস্থিতি মোকাবিলায় কুরুকপাতা ইউনিয়নে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাসান বলেন, হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য বিভাগের বিশেষ মেডিকেল টিম আক্রান্ত দুর্গম এলাকায় কাজ করছে। বর্তমানে ওই এলাকার ৫ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে হামের টিকা প্রদান করা হচ্ছে।
