শান্ত-মুমিনুলের অর্ধশতক, বৃষ্টি বাগড়ায় ড্রয়ের পথে মিরপুর টেস্ট

 

মিরপুর টেস্টের তৃতীয় দিনের পর চতুর্থ দিনেও বৃষ্টি বাগড়া। গতকাল শেষ বিকেলে আবারও ব্যাটিংয়ে নামা বাংলাদেশ চতুর্থ দিনে ৫০ ওভারও ব্যাট করার সুযোগ পেল না। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসেও হাঁকিয়েছেন অর্ধশতক। অর্ধশতক হাঁকিয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি মিস করা মুমিনুল হকও। তাতে বড় লিডের সম্ভাবনা জাগলেও নিশ্চত ড্রয়ের পথেই হাঁটছে মিরপুর টেস্ট।

সোমবার (১১ মে) মিরপুর টেস্টের চতুর্থ দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে লিড দাঁড়িয়েছে ১৭৯ রান।

চতুর্থ দিনের শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৮ রানে ব্যাট করছেন। তার সঙ্গী মুশফিকুর রহিমের সংগ্রহ ১৬ রান।

বিনা উইকেটে ৭ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ আজ দ্রুতই হারায় মাহমুদুল হাসান জয়ের উইকেট। ৫ রান করে মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হন জয়। দলের রান তখন ১৫। এরপর দলীয় ২৩ রানে বিদায় নেন সাদমান ইসলামও। ১০ রান করে হাসান আলীর বলে সাউদ শাকিলের হাতে ক্যাচ দেন তিনি।

দ্রুত দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন শান্ত-মুমিনুল। দুজনের জুটিতে যোগ হয় ১০৫ রান। এই জুটিতে দুজনই পান অর্ধশতকের দেখা।

আগের ইনিংসে ৯১ রান করে আউট হওয়া মুমিনুল আজ ৪ চারে ৫৬ রানের ইনিংস খেলে শাহিন আফ্রিদির বলে আউট হওয়ার আগে ছুঁয়েছেন দারুণ এক মাইলফলক। ৭৬ টেস্টের ১৪১তম ইনিংসে এসে ৫ হাজার রান পূর্ণ করেছেন এই বাঁহাতি।

এই টেস্ট শুরুর আগে মুমিনুলের রান ছিল ৪,৮৫৯। দুই ইনিংস মিলিয়ে ১৪৭ রান করার পর এই বাঁহাতির সংগ্রহ দাঁড়িয়েছে ৫,০০৬ রান। তৃতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের এই অভিজাত সংস্করণে ৫ হাজার রান করলেন মুমিনুল। এই রান তিনি করেছেন ৩৮.২১ গড়ে ১৩ সেঞ্চুরি ও ২৭ হাফ সেঞ্চুরিতে।

মুমিনুলের বিদায়ের পর দিনের বাকি সময়টা মুশফিককে নিয়ে নির্বিঘ্নে কাটিয়ে দেন শান্ত। ১০৫ বলে ৫৮ রানের ইনিংস খেলার পথে হাঁকিয়েছেন ৬টি চার। মুশফিক অপরাজিত ১৬ রানে।

পাকিস্তানের পক্ষে শাহিন, আব্বাস ও হাসান ১টি করে উইকেট শিকার করেছেন।

Read Previous

গেমিং নিয়ে নাটক ‘সিলভার সাদিয়া’

Read Next

সাইনাস থেকে মুক্তির ঘরোয়া ৩ উপায়

Most Popular