মরিনহো না এলে রিয়ালের বিকল্প মাতারাজ্জো

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ নিয়োগ নিয়ে জোর গুঞ্জন চলছে ইউরোপজুড়ে। নতুন কোচ হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন পর্তুগিজ তারকা কোচ জোসে মরিনহো। তবে শেষ মুহূর্তে কোনো জটিলতা তৈরি হলে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রেখেছে লস ব্লাঙ্কোসরা।

স্প্যানিশ গণমাধ্যম রেডিও মার্কার সাংবাদিক রাউল ভারেলার প্রতিবেদনে বলা হয়েছে, মরিনহোকে দলে ভেড়ানো সম্ভব না হলে পেলেগ্রিনো মাতারাজ্জোকে বিকল্প হিসেবে বিবেচনা করছে রিয়াল। সাবেক স্টুটগার্ট ও হফেনহেইম কোচ মাতারাজ্জোর আধুনিক ও কৌশলনির্ভর ফুটবল দর্শন সান্তিয়াগো বার্নাব্যুতে বেশ প্রশংসিত বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে বাস্তবতা বলছে, রিয়ালের প্রথম ও প্রধান পছন্দ এখনো মরিনহোই। বেলজিয়ান ট্রান্সফার বিশেষজ্ঞ সাশা তাভোলিয়েরির দাবি, মরিনহোর সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে রিয়াল মাদ্রিদ।

বর্তমানে বেনফিকার দায়িত্বে থাকা মরিনহোর চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। তাকে আনতে হলে রিয়ালকে ৩০ লাখ ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে।

অন্যদিকে মাতারাজ্জোও নিজের কোচিং ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন। ২০২৫ সালের ডিসেম্বরে রিয়াল সোসিয়েদাদের দায়িত্ব নেয়ার পর দ্রুত দলটির চেহারা বদলে দেন তিনি। তার অধীনেই কোপা দেল রে জয়ের স্বাদ পায় সোসিয়েদাদ। পাশাপাশি লা লিগার উপরের সারিতেও ফিরেছে দলটি।

বর্তমানে লা লিগায় অষ্টম স্থানে থাকলেও আগামী মৌসুমের উয়েফা ইউরোপা লিগ নিশ্চিত করেছে মাতারাজ্জোর দল। তাই রিয়ালের নজরে উঠে আসাটা খুব একটা অস্বাভাবিক নয় বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

Read Previous

বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪৮

Read Next

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত?

Most Popular