ষাটগম্বুজে সকাল ৭টায় বাগেরহাটের প্রধান ঈদের জামাত

বিশ্ব ঐতিহ্যের অংশ ষাটগম্বুজ মসজিদে এবারও অনুষ্ঠিত হবে বাগেরহাটের ঈদুল আজহার প্রধান জামাত। মুসল্লিদের উপস্থিতি বেশি হওয়ায় মসজিদে তিনটি জামাত আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে।

প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন।
তৃতীয় ও শেষ জামাত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মো. এনামুল হক।

ঈদের জামাত ও কোরবানিকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। দর্শনার্থীদের জন্য মসজিদ প্রাঙ্গণে করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। ঈদ উপলক্ষে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করা হয়েছে। রঙিন আলোকসজ্জায় সাজানো হয়েছে পুরো এলাকা, যা রাতে সৃষ্টি করছে ভিন্ন এক আবহ।

বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদফতরের কাস্টোডিয়ান মো. যায়েদ জানান, জেলার প্রধান ঈদুল আজহার জামাত ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। এবারও তিনটি জামাতে প্রায় ছয় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

মসজিদের ভেতরে একসঙ্গে দেড় হাজার এবং বাইরে পাঁচ শতাধিক মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া বাগেরহাট পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদ, আলীয়া মাদরাসা জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, হরিণখানা জামে মসজিদ, সরকারি পিসি কলেজ জামে মসজিদ, খানজাহান আলী (রহ.) মাজার দরগাহ জামে মসজিদ, নাগের বাজার হাজী আরিফ জামে মসজিদ, সড়ক ও জনপথ জামে মসজিদ এবং সরুই মাদ্রাসা জামে মসজিদসহ জেলা শহর ও উপজেলা সদরের অধিকাংশ জামে মসজিদে সকাল ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বাংলা ও আরবি হরফে ‘ঈদ মোবারক’ খচিত পতাকা ও ব্যানার স্থাপন, সরকারি হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার, ছোটমনি নিবাস, শিশু বিকাশ কেন্দ্র, আশ্রয়কেন্দ্র ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ঈদের দিন দর্শনীয় স্থানে বিনা টিকিটে প্রবেশের ব্যবস্থাও রাখা হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নির্ধারিত নিয়ম মেনে পশু কোরবানি, চামড়া সংরক্ষণ এবং কোরবানির বর্জ্য দ্রুত পরিষ্কারের আহ্বান জানানো হয়েছে।

Read Previous

পশু কেনা থেকে কোরবানি পর্যন্ত করণীয়

Read Next

কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে: সেতুমন্ত্রী

Most Popular