ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট তাইজুলের, মুশফিক-নাহিদরা কতটুকু এগোলেন

পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার। এরমধ্যে আছেন মুশফিকুর রহিম, লিটন দাস, নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তাইজুল বোলিং বিভাগে পেয়েছেন ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট।

বুধবার (২৭ মে) হালনাগাদ করা ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে মুশফিকুর রহিম ১০ ধাপ এগিয়ে ১৬ নম্বরে চলে এসেছেন। লিটন দাস এগিয়েছেন ১৪ ধাপ, ৬৫০ রেটিং নিয়ে বর্তমান স্থান ২৪ নম্বরে। পাকিস্তান সিরিজে মুশফিক ২৫৩ রান করে হয়েছিলেন সর্বোচ্চ সংগ্রাহক, ২৩৯ রান নিয়ে দুইয়ে ছিলেন লিটন।

তবে অবনতি হয়েছে নাজমুল হোসেন শান্তর। প্রথম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ১০১ ও ৮৭ রান করা এই ব্যাটার দ্বিতীয় ম্যাচে করেছিলেন যথাক্রমে ২৯ ও ১৫। ৭ ধাপ পিছিয়ে ৩০ নম্বরে নেমে গেছেন তিনি। দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫২ রান করা মাহমুদুল হাসান জয় ২ ধাপ এগিয়ে উঠেছেন ৭৫ নম্বরে।

বোলিং বিভাগে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে তাইজুল ইসলাম। ২ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন তিনি। বাঁহাতি স্পিনার সিলেট টেস্টের দুই ইনিংসে ৯ উইকেট নিয়েছিলেন, এরমধ্যে দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার ৭৩২ রেটিং পয়েন্ট ক্যারিয়ারের সেরা। তাইজুলের স্পিন সঙ্গী মিরাজ ২ ধাপ এগিয়ে ২৫-এ এসেছেন।

ঢাকায় দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে ধসিয়ে দেওয়া নাহিদ রানা সিলেটে নিয়েছিলেন ৫ উইকেট। বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিনি এগিয়েছেন ১০ ধাপ, উঠেছেন ৫৪ নম্বরে।

তাইজুল অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন। ৩ ধাপ উন্নতিতে ২৯ নম্বরে উঠেছেন তিনি। পাকিস্তানিদের মধ্যে ব্যাটিংয়ে বাবর আজম ১, সালমান আগা ও শান মাসুদ ২ ধাপ করে এগিয়েছেন। ২০২৫ সালের জানুয়ারির পর প্রথম টেস্ট খেলা খুররম শাহজাদ পুনরায় র‌্যাঙ্কিং তালিকায় ঢুকে ৪৯ নম্বর স্থান দখল করেছেন।

নেপাল, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষে এই ফরম্যাটের র‌্যাঙ্কিংয়েও কিছু পরিবর্তন এসেছে। ব্যাটিংয়ে নেপালের আসিফ শেখ ৫ ধাপ এগিয়ে ৮১ ও দিপেন্দ্র সিং ৮ ধাপ এগিয়ে ৯১-এ উঠেছেন। বোলার র‌্যাঙ্কিংয়ে সন্দ্বীপ লামিচানে ৪ ধাপ এগিয়ে উঠছেন ৩২ নম্বরে।

Read Previous

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধে জড়ানোর সম্ভাবনা ‘কম’: আইআরজিসি কর্মকর্তা

Read Next

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে যেসব সিনেমা

Most Popular