সরাসরি কাবার ওপর সূর্য, বিরল মহাজাগতিক ঘটনা

বিশ্ব মুসলিম উম্মাহর জন্য বুধবার (২৭ মে) ঘটতে যাচ্ছে এক চোখ জুড়ানো ও আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা। এদিন দুপুরের পবিত্র মক্কার আকাশ আলো করে সূর্য সরাসরি কাবা শরিফের ঠিক ওপরে অবস্থান করবে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় সূর্যের ‘দিবা-উল্লম্ব’ অবস্থান।

সৌদি আরবের জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্য অনুযায়ী, মক্কার স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৮ মিনিট) সূর্য যখন কাবা শরিফের একদম কেন্দ্রবিন্দুতে অবস্থান করবে, তখন কিছুক্ষণের জন্য পবিত্র কাবার আর কোনো দৃশ্যমান ছায়া থাকবে না।

সাধারণত বিষুবরেখা অঞ্চলে সূর্যের বার্ষিক পরিক্রমায় বছরে দুই বার (২৭/২৮ মে এবং ১৫/১৬ জুলাই) সূর্য কাবার ঠিক ওপরে আসে। এই সময়টিকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে কম্পাস ছাড়াই একদম নিখুঁত কিবলার দিক নির্ধারণ করার সবচেয়ে সহজ বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে গণ্য করা হয়।

কিবলা চেনার সহজ উপায়:
বাংলাদেশ সময় আগামীকাল ঠিক বিকাল ৩টা ১৮ মিনিটে আপনি যদি সরাসরি সূর্যের দিকে মুখ করে দাঁড়ান, তবে আপনার মুখ যে অভিমুখে থাকবে, সেটিই হবে পবিত্র কাবার একদম নিখুঁত ও সঠিক দিক।

যারা সরাসরি সূর্যের দিকে তাকাতে চান না, তারা এই সময়ে সমতল মাটিতে একটি লাঠি একদম সোজা (লম্বালম্বি) করে দাঁড় করিয়ে রাখতে পারেন। লাঠিটির ছায়া যেদিকে পড়বে, তার ঠিক বিপরীত দিকটিই হবে আপনার অবস্থান থেকে পবিত্র কাবার বা কিবলার সঠিক দিক।

ইসলামিক চিন্তাবিদরা জানান, প্রাচীনকালে যখন কম্পাস বা আধুনিক প্রযুক্তির জিপিএস ছিল না, তখন দূর-দূরান্তের মুসলমানরা বছরের এই বিশেষ দিনগুলোতে সূর্যের অবস্থান দেখেই নিজ নিজ অঞ্চলের মসজিদের কিবলা সংশোধন ও নির্ধারণ করতেন। আধুনিক যুগেও এই পদ্ধতিটি শতভাগ কার্যকর এবং বিজ্ঞানসম্মত।

Read Previous

কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে: সেতুমন্ত্রী

Read Next

এনসিপির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি: রাশেদ খান

Most Popular