মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন সালমান শাহ। মাত্র ২৪ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুর খবরে দেশজুড়ে নেমে এসেছিল শোকের ছায়া। এত বছর পেরিয়ে গেলেও প্রিয় এই নায়ককে ভুলতে পারেননি তার অসংখ্য ভক্ত।
বুধবার (১০ জুন) সালমান শাহর দেহাবশেষ তৃতীয়বারের মতো ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া। অনেক ভক্ত এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন, আবার অনেকে সত্য উদঘাটনের আশাও ব্যক্ত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ভক্ত মামুনুল ইসলাম লিখেছেন, দীর্ঘ সময় পর কবর থেকে দেহাবশেষ উত্তোলন করে নতুন কোনো গুরুত্বপূর্ণ আলামত বা প্রমাণ পাওয়া কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বহুল আলোচিত মৃত্যুরহস্যের প্রকৃত সত্য উদঘাটন হওয়া। দীর্ঘদিনের বিতর্ক ও সংশয়ের একটি গ্রহণযোগ্য সমাপ্তি দেখতে চান তিনি।
অন্যদিকে, সানজিয়া আক্তার মনি নামের আরেক ভক্ত আবেগঘন এক পোস্টে লিখেছেন, ৩০ বছর ধরে নানা ঘটনা ও বিতর্ক দেখেছেন সালমান শাহর ভক্তরা। কিন্তু এত বছর পরও একজন মৃত মানুষকে নিয়ে বারবার এমন প্রক্রিয়া চালানো মেনে নেয়া কঠিন। তিনি ভক্তদের আবারও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তার পোস্টের মন্তব্য ঘরেও সহমত প্রকাশ করেছেন অনেকেই।
বাংলা চলচ্চিত্রে সালমান শাহর অবদান আজও স্মরণ করেন দর্শক, নির্মাতা ও সহকর্মীরা। স্বল্প সময়ের ক্যারিয়ার হলেও তার জনপ্রিয়তা এখনও অটুট। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে ভক্তরা ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করেন। এবারের ময়নাতদন্ত ঘিরে ভক্তদের অনুভূতি ভিন্ন হলেও একটি বিষয়ে সবাই একমত, দীর্ঘদিনের এই আলোচিত ঘটনার রহস্যের চূড়ান্ত সমাধান হোক এবং প্রকৃত সত্য একদিন স্পষ্ট হয়ে উঠুক সবার সামনে।
