ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় ৩২ বছরের মার্কিন গায়কের মৃত্যু

আমেরিকার জনপ্রিয় সংগীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার অলিভার ট্রি মারা গেছেন হেলিকপ্টার দুর্ঘটনায়। দুর্ঘটনাটি ঘটে ব্রাজিলের রিও ডি জেনিরোতে। জন্মদিনের মাসেই না ফেরার দেশে পাড়ি জমালেন ৩২ বছর বয়সী এই গায়ক।

১৯৯৩ সালের ২৯ জুন অলিভার জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজে। ৩৩তম জন্মদিনের দুই সপ্তাহ আগেই বিদায় জানালেন পৃথিবীকে। ব্যতক্রমধর্মী সংগীত ও ‘অদ্ভুত’ স্টাইলের জন্য বেশ পরিচিত ছিলেন অলিভার। গানের বাইরে তিনি কমেডিয়ান ও নির্মাতা হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন।

অলিভারের প্রথম ইপি (এক্সটেন্ডেড প্লে) ‘ডেমনস’ প্রকাশিত হয় ২০১৩ সালে। পরে ২০১৬ সালে ডিজে হোয়েদ্যানের সঙ্গে ‘হোয়েন আ’ম ডাউন’ গানটি দিয়ে জনপ্রিয়তা পান তিনি। এরপর বিখ্যাত প্রতিষ্ঠান আটলান্টিক মিউজিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গান করতে থাকেন শিল্পী।

২০১৯-এ প্রকাশিত হয় অলিভারের আরেক ইপি ‘ডু ইউ ফিল মি?’। এখানকার ‘এলিয়েন বয়’ গানটি তার পরিচিতি অনেক বাড়িয়ে দেয়। ইলেক্ট্রনিক ও অল্টারনেটিভ পপ মিউজিকের গুরুত্বপূর্ণ শিল্পী হয়ে ওঠেন। টিকটকেও বেশ জনপ্রিয় ছিলেন অলিভার ট্রি। ২০২১ সালে তার ‘লাইফ গো অন’ গানটি বিপুল জনপ্রিয়তা পায়। পরে ‘মিস ইউ’ গানটিও হয় ভাইরাল।

মে মাসে নিজের চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘লাভ ইউ ম্যাডলি, হেইট ইউ ব্যাডলি’ নিয়ে ওয়ার্ল্ড ট্যুর শুরু করেছিলেন অলিভার। মেক্সিকো থেকে শুরু করে লাতিন আমেরিকার কয়েকটি দেশে কনসার্ট করেছেন। সামনে ইউরোপ, এশিয়া, নিউজিল্যান্ড ও আফ্রিকায় তার আরও ডজনখানেক শো করার কথা ছিল। কিন্তু এর আগেই পৃথিবী থেকে পাড়ি জমান ওপারে।

Read Previous

আর্জেন্টিনার কাছেও ৭ গোল খেয়েছিল কুরাসাও

Read Next

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular