এক ম্যাচে মেসির যত রেকর্ড

বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসির নামের পাশে রেকর্ড নতুন কিছু নয়। তবে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই আর্জেন্টাইন মহাতারকা যা করলেন, তা ফুটবল ইতিহাসে বিশেষ স্থান করে নেবে। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে একাই তিন গোল করে আর্জেন্টিনাকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন তিনি।

ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে নিজের ২০০তম ম্যাচকে স্মরণীয় করে রাখেন অবিশ্বাস্য এক পারফরম্যান্সে।

এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা পৌঁছেছে ১৬-তে। ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার সর্বকালের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। আর মাত্র একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন তিনি।

৩৮ বছর ৩৫৭ দিন বয়সে মেসি আরও কয়েকটি অনন্য কীর্তি গড়েছেন। তিনি বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন আসরে খেলেছেন। একই সঙ্গে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে হ্যাটট্রিক করা এবং এক ম্যাচে একাধিক গোল করার রেকর্ডও নিজের করে নিয়েছেন।

বিশ্বকাপে এটি ছিল মেসির পঞ্চম ভিন্ন আসরে গোল। এ কীর্তিতে তিনি শুধু ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে জায়গা করে নেননি, আরও একবার প্রমাণ করেছেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়।

Read Previous

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

Read Next

হাইতি ম্যাচও কঠিন হবে, সহজ স্বীকারোক্তি ব্রাজিলের!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular