বেনজীরকে ফেরানোর অগ্রগতি নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

দুবাইয়ে গ্রেফতার বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া দ্রুততার সঙ্গে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বলেন, আরব আমিরাতের পুলিশ বেনজীর আহমেদকে গ্রেফতারের পর পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ৩০ দিন সময় দিয়েছিল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র তিন দিনে ১৪৪ পৃষ্ঠার প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে আমিরাত সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে। আশা করি, আমিরাত সরকার খুব শিগগিরই বেনজীর আহমেদকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে।

চিঠির প্রেক্ষিতে কোনো উত্তর এসেছে কি না, জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, আনুষ্ঠানিকভাবে তারা এখনও ই–মেইলে কিছু পাঠায়নি। ইতোমধ্যে সাপ্তাহিক ছুটির দিন গিয়েছে। রোববার এ বিষয়ে আমরা খোঁজ নেব।

এসময় তিনি বলেন, আমিরাতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি থাকলো কি থাকলো না, সেই প্রশ্ন অবান্তর। চুক্তি থাকুক বা না থাকুক ইউএন চার্টার অনুযায়ী আমরা কিছু কিছু বিষয়ে স্বাক্ষরিত দেশ। সেখানে তারাও স্বাক্ষর করেছে। সে অনুযায়ী আগেও আসামি এসেছে, আমরাও পাঠিয়েছি। আমি মনে করি না ফেরত পাঠানোর প্রক্রিয়া জটিল হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেষ্ঠ্য সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুবাইয়ে সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের গ্রেফতার হওয়ার বিষয়টি সামনে আসে গত ১৪ জুন। ওইদিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বিষয়টি জানান। বেনজীরের বিরুদ্ধে অর্থ পাচার ও দুর্নীতির মামলায় ইন্টারপোলের রেড নোটিশ জারি ছিল।

Read Previous

রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের ৬ সদস্য ডিবির জালে

Read Next

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

Most Popular