২০০৪ সালে বিটিভি ও বাংলাদেশ বেতারে তালিকাভূক্ত হলেও এবারই প্রথম মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন নজরুল সঙ্গীতের মেধাবী শিল্পী বর্ণালী সরকার। ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে ইউটিউবে প্রকাশ হয়েছে তার কণ্ঠে নজরুলের বরষার গান ‘বরষা ঋতু এলো এলো’।
বর্ণালী বলেন, ‘মাত্র কয়েকদিন হলো গানটি প্রকাশিত হয়েছে। এরইমধ্যে পরিচিত ও অনেক অপরিচিত শ্রোতার ইতিবাচক সাড়া পেয়েছি। নজরুলের বাণী ও সুরে হাত দেওয়ার তো প্রশ্নই ওঠে না। তবে মিউজিক কম্পোজিশন আর উপস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা করেছি। সেটিই দর্শক-শ্রোতার মনে ধরেছে।’
‘বরষা ঋতু এলো এলো’র মিউজিক ভিডিওতে উঠে এসেছে প্রাণ, প্রকৃতি, বৃষ্টি আর সুরের মায়াময় আবেশ। সেই আবেশ আরও বাড়িয়ে দিয়েছে গান শুরুর আগে তবলার বোল আর জাহাঙ্গীর আলম শ্রাবণের সেতারের তান। তিনিই নতুনভাবে সঙ্গীতায়োজন করেছেন গানটির।
বর্ণালী সরকার জানান, মাত্র ৪ বছর বয়স থেকেই গানের তালিম শুরু করেন তিনি। টানা ১৭ বছর নজরুলের গান শিখেছেন অভিজি সাহার কাছে। পাশাপাশি হিন্দুস্তানি ক্ল্যাসিক্যাল মিউজিক শিখেছেন কল্পনা ভট্টাচার্যের কাছে। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারের বিশেষ গ্রেডের শিল্পী। বর্তমানে কাজ করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।
