হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়েও পুরোপুরি স্বস্তি ফিরেনি ব্রাজিল ক্যাম্পে। এই ম্যাচেই চোটে পরে বিশ্বকাপের বাকি অংশে অনিশ্চিত হয়ে গেছে রাফিনিয়ার খেলা। অন্তত স্কটল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রাফিনিয়াকে পাচ্ছেন না কোচ কার্লো আনচেলত্তি। ফলে আক্রমণভাগের ডানপ্রান্ত নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে এই ইতালিয়ান কোচকে। সুখবরও অবশ্য আছে। কাফ মাসলের চট কাটিয়ে এখন খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নেইমার জুনিয়র।
প্রায় ৩ বছর পর দলে ফেরা নেইমার ফিট হলেও তার প্রথম একাদশে না খেলার সম্ভাবনাই বেশি। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশে সম্ভবত একটি পরিবর্তনই আনতে যাচ্ছেন আনচেলত্তি। ইনজুরিতে থাকা রাফিনিয়ার বদলে সুযোগ পাচ্ছেন ১৯ বছর বয়সী তরুণ রায়ান। মায়ামিতে বৃহস্পতিবারের (২৫ জুন) ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলের ইতালিয়ান কোচ এমন ইঙ্গিতই দিয়েছেন।
ম্যাচের আগে শেষ অনুশীলনে ব্রাজিলের আক্রমণভাগের ডান প্রান্তে খেলেছেন রায়ান। চূড়ান্ত একাদশ ম্যাচ শুরুর প্রায় তিন ঘণ্টা আগে দলীয় বৈঠকে নিশ্চিত করা হবে, তবে অনুশীলনের কার্যক্রম ইতোমধ্যেই আনচেলত্তির পছন্দের আভাস দিয়েছে।
ফুলব্যাক ডগলাস সান্তোস এবং মিডফিল্ডের অটোচয়েজ ক্যাসেমিরো দুজনই হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার শঙ্কায় থাকলেও তাদের বিশ্রাম দেয়ার পরিকল্পনা নেই আনচেলত্তির। কারণ স্কটল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি ব্রাজিলের জন্য গ্রুপ ‘সি’-তে শীর্ষস্থান নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে গোল ব্যবধানে তারা মরক্কোর চেয়ে এগিয়ে রয়েছে।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমরা ভালো খেলা এবং সম্ভাব্য সেরা একাদশ নিয়েই ভাবছি। আক্রমণভাগের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। রাফিনিয়ার পরিবর্তে কে খেলবে সে ব্যাপারে আমাদের পরিষ্কার ধারণা রয়েছে। হলুদ কার্ড নিয়ে এখন ভাবার কোনো সুযোগ নেই।’
একই সংবাদ সম্মেলনে মাঠকে আরও ‘প্রশস্ত’ করার জন্য রাফিনিয়ার বিকল্প ব্যবহারের প্রসঙ্গে প্রশ্ন করা হলে আনচেলত্তি স্বতঃস্ফূর্তভাবে রায়ানের নাম উল্লেখ করেন।
তিনি বলেন, ‘মাঠের প্রস্থ বাড়ানো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। রাফিনিয়ার বদলি হিসেবে নেমে রায়ান ভালো খেলেছে। এই দিকটিতে তার প্রচুর সম্ভাবনা রয়েছে। আমার কাছে আরও কিছু খেলোয়াড় আছে যারা এই পদ্ধতিতে মানিয়ে নিতে পারে, কিন্তু যদি আমাদের মাঠে প্রস্থের দরকার হয়, তাহলে রায়ান সেই ভূমিকা খুব ভালোভাবে পালন করতে পারে।’
গত কয়েক দিনে ডান উইংয়ে লুইজ হেনরিকেকেও পরীক্ষা করে দেখেছেন আনচেলত্তি। রক্ষণভাগে কিছুটা কান্তিতে ভোগা গ্যাব্রিয়েল মাগালহায়েসের বদলে লেও পেরেইরাকে পর্যবেক্ষণ করেছেন তিনি। পাশাপাশি ম্যাচের শেষ ভাগে বিকল্প পরিকল্পনা হিসেবে এন্দরিক ও মাতেউস কুনিয়াকে একসঙ্গে নিয়ে আক্রমণভাগও সাজিয়েছেন।
নেইমার এই ম্যাচের স্কোয়াডে থাকলেও এখনও পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট নন। ব্রাজিলের ১০ নম্বর তারকা বেঞ্চে থাকবেন এবং ম্যাচের শেষ দিকে কিছু সময় মাঠে নামতে পারেন।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন; দানিলো, মারকিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতা; রায়ান, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
