জয়পুরহাটে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের দায়ে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জয়পুরহাট জেলা শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মোস্তাকিম ইসলাম রনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া তেমারিয়া গ্রামের বাসিন্দা টিপু সুলতানের ছেলে।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪ জুন বিকেলে আক্কেলপুর উপজেলার কাশিড়া তেমারিয়া এলাকায় ওই শিশুকে ধর্ষণ করেন রনি। ঘটনার প্রায় দুই মাস পর ৫ আগস্ট শিশুটির মা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে আক্কেলপুর থানায় মামলাটি রেকর্ড করা হয়।
তদন্ত শেষে একই বছরের ২০ অক্টোবর তদন্ত কর্মকর্তা এসআই আসাদুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আট সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আদালত আসামির উপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন রিনাত ফেরদৌসী রিনি আর আসামি পক্ষে আইনজীবী ছিলেন উজ্জ্বল হোসেন।
