বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায়ের পর শুরু হয়েছে আত্মসমালোচনা। সমালোচনার কেন্দ্রে রয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের সাবেক মিডফিল্ডার ফেলিপে মেলো মনে করেন, এই পরাজয়ের বড় দায় কোচের সিদ্ধান্তের।
দেশটির টেলিভিশন অনুষ্ঠান ‘সেলেকাও স্পোরটিভি’তে মেলো বলেন, ‘কোচের ঘাড়ে দোষ চাপানো খুব সহজ। কিন্তু কোচকেই দোষ দিতে হবে। ইতিহাসে অন্যতম সেরা কোচকে নিয়ে এসেছি আমরা। সবার আগে দোষটা তারই। তাকেই দোষ দিতে হবে।’
মেলোর যুক্তি, নেইমার শুরু থেকে খেললে ১৪ মিনিটে পাওয়া পেনাল্টিটি তিনিই নিতেন। কিন্তু সেই সুযোগ পান ব্রুনো গিমারাইস, যিনি গোল করতে ব্যর্থ হন। পরে ৬৭ মিনিটে বদলি হিসেবে নেমে ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোল করেন নেইমার। ম্যাচ শেষে আনচেলত্তিও স্বীকার করেন, দলে পেনাল্টি নেয়ার ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় নেইমারই।
মেলো বলেন, ‘আমি বুঝি যে কোচের নিজস্ব কিছু ভাবনা-দর্শন থাকে, কিন্তু তার তো পরিস্থিতিটাও একটু বোঝা উচিত, তাই না? আমি হলে শুরু থেকে নেইমারকে খেলাতাম, শুরুতে ওকে নামাতাম। প্রথমার্ধে ও মাঠে থাকলে হয়তো পেনাল্টি থেকে গোলটা পেয়ে যেত এবং ম্যাচের গল্পও অন্য রকম হতে পারত।’
এদিকে বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোমারিওও আনচেলত্তির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, বিশ্বকাপের আগেই কোচের চুক্তি নবায়ন করা ঠিক হয়নি; বড় টুর্নামেন্টের পরই কোচের মূল্যায়ন হওয়া উচিত। পাশাপাশি ব্রুনো গিমারাইসকে তুলে নেয়ার সিদ্ধান্তও তার বোধগম্য হয়নি। রোমারিওর দাবি, ওই পরিবর্তনের পর ব্রাজিল ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলে, যার সুযোগ নিয়ে নরওয়ে জয় নিশ্চিত করে।
