তিনি বলেন, ‘মাফিয়া সংগঠন হিসেবেই তাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। আমরা কোনো রাজনৈতিক দলের রাজনীতি করাকে নিষিদ্ধ করা সঠিক মনে করি না।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী আদালতের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তার আপিল করার কোনো অধিকার থাকলে, সেটি আইন ও আদালত দেখবে বলে উল্লেখ করেন তিনি।
বুধবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা যাবে। তবে দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা সঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘মাফিয়া সংগঠন হিসেবেই তাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। আমরা কোনো রাজনৈতিক দলের রাজনীতি করাকে নিষিদ্ধ করা সঠিক মনে করি না।’
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি বাংলাদেশের সীমানায় প্রবেশ করলেই তাকে গ্রেফতার করা হবে এবং আইনি প্রক্রিয়ায় রায় কার্যকর হবে।
বিগত ২০২৪ সালের জুলাই আন্দোলনের কথা স্মরণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের কৃতিত্ব কোনো একক ব্যক্তির নয়; এ দেশের সর্বস্তরের জনগণ এই আন্দোলনে অংশ নিয়েছেন, তাই এই অর্জন সবার।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউ যাতে জুলাইয়ের শক্তিকে ব্যবহার করে ভিন্ন কোনো উদ্দেশ্য হাসিল করতে না পারে। এই শক্তিকে আরও শক্তিশালী করে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, ১৫ জুলাই এই টিএসসিতে দাঁড়িয়ে সবাইকে অঙ্গীকার করতে হবে যে, বাংলাদেশে আর কখনও কোনো ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া যাবে না। রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি ‘জুলাই জাতীয় সনদ’ অনুসারে সংবিধানসহ অন্যান্য আইনকানুন সংস্কার করা হবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আগে থেকেই সংস্কার ও সংশোধন চেয়েছিলাম, এ জন্যই ৩১ দফা প্রণয়ন করা হয়েছিল।’
