নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

আফগানিস্তানের টেস্ট ও ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক রহমত শাহ। অভিজ্ঞ এই ব্যাটারকেই দুই সংস্করণের নতুন অধিনায়ক করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক দিন আগেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ান সদ্য সাবেক অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। শহীদির নেতৃত্বে ধারাবাহিকভাবে উন্নতি করেছে আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দলটি বেশ কয়েকটি স্মরণীয় জয় তুলে নেয়।

সেই পারফরম্যান্সের সুবাদেই প্রথমবারের মতো ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করে আফগানরা। তবে ২০২৭ সালে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণেই অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছেন শহীদি।

এ ব্যাপারে এসিবি এক বিবৃতিতে বলেছে, ‘অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের সময় হাশমতউল্লাহ শহীদি যে নিষ্ঠা, নেতৃত্ব ও মূল্যবান অবদান রেখেছেন, সেজন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা তার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানাই। একই সঙ্গে নতুন অধিনায়ক রহমত শাহ জুরমাতাইকে অভিনন্দন জানাচ্ছি এবং তার নেতৃত্বে দলের সাফল্য কামনা করছি।’

২০২১ সালের মে মাসে শহীদি অধিনায়ক হওয়ার পর থেকেই তিনি দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া টেস্ট ও ওয়ানডে—দুই সংস্করণেই আফগানিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। নতুন নেতৃত্ব কাঠামোয় উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে সহ-অধিনায়ক করা হয়েছে। অধিনায়ক হিসেবে রহমত শাহর প্রথম ‘অ্যাসাইনমেন্ট’ আগস্টে আয়ারল্যান্ড সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

এর আগে গত মার্চে তারকা লেগ স্পিনার রশিদ খানকে সরিয়ে টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরানকে টি-টোয়েন্টির অধিনায়ক বানায় আফগানিস্তান।

Read Previous

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

Read Next

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular