বিসিবির নতুন টুর্নামেন্ট ‘জিডি ট্রফি’ কী, কীভাবে হবে?

বয়সভিত্তিক ক্রিকেটে প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘জিডি ট্রফি’। চলতি মাসের ২৮ আগস্ট শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত, ফাইনাল হবে ৯ সেপ্টেম্বর। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই হবে ম্যাচগুলো।

বৃহস্পতিবার টুর্নামেন্টটির আনুষ্ঠানিক ঘোষণা দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সঙ্গে ছিলেন গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ফাহিম সিনহা। নতুন এই আয়োজনের মূল উদ্দেশ্য হিসেবে তরুণ ক্রিকেটারদের বয়সের তুলনায় কঠিন প্রতিপক্ষের সামনে খেলানোর বিষয়টিকেই সামনে এনেছেন তামিম।

তার ভাষায়, ‘এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য হলো খেলোয়াড়দের চ্যালেঞ্জের মুখে ফেলা। অনূর্ধ্ব-১৭ যখন অনূর্ধ্ব-২৩ দলের সাথে খেলবে, সেটি তাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে। হয়তো তারা (অনূর্ধ্ব-১৭) খুব কম রানে আউট হয়ে যেতে পারে বা খুব ভালো খেলতে পারে, কিন্তু এই বয়সে যদি তাদের এই চ্যালেঞ্জ না দেওয়া হয়; তবে আমাদের নির্বাচকদের বোঝার উপায় নেই যে সেখানে কোনো বিশেষ প্রতিভা আছে কি না।’

বিশ্ব ক্রিকেটে অল্প বয়সেই অনেক ক্রিকেটার শীর্ষ পর্যায়ে উঠে আসছেন। বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটেও তেমন প্রতিভা আছে কি না, সেটি খুঁজে বের করতেই অনূর্ধ্ব-১৭ ক্রিকেটারদের জন্য বাড়তি সুযোগ তৈরি করতে চান বিসিবি সভাপতি।

তামিম বলেন, ‘অনূর্ধ্ব-১৭ দল নিয়ে বেশি চিন্তিত। কারণ অনূর্ধ্ব-১৯ বা ২৩ দলের জন্য প্ল্যাটফর্ম আছে। অনূর্ধ্ব-১৭ দলের কেউ যদি বিপিএল, ‘এ’ দল বা এইচপি দলের জন্য প্রস্তুত থাকে, তবে এই টুর্নামেন্ট সেই প্ল্যাটফর্ম তৈরি করে দেবে। অনূর্ধ্ব-১৭ দলের কোনো ছেলে যদি অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন উইকেট পায় বা ৫০ রান করে, তবে তার আত্মবিশ্বাস বেড়ে যাবে। এটি ভালো প্ল্যাটফর্ম হবে এটা দেখার জন্য যে, সে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত কি না।’

শুধু প্রতিভা শনাক্ত করাই নয়, তরুণদের উৎসাহ দিতে ম্যাচসেরাসহ বিভিন্ন পুরস্কারের ব্যবস্থাও থাকবে। তবে অর্থের চেয়ে প্রতিযোগিতার পরিবেশ তৈরিকেই বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি।

তামিমের ভাষায়, ‘প্রাইজমানি এবং ম্যান অব দা ম্যাচ পুরস্কারগুলো খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য যতটুকু প্রয়োজন সেভাবে দেওয়া হবে। এখানে টাকা বড় বিষয় নয়, প্রতিযোগিতার পরিবেশ তৈরি করাই মূল লক্ষ্য।’

এক মৌসুমে সীমাবদ্ধ না রেখে জিডি ট্রফিকে নিয়মিত আয়োজনের পরিকল্পনাও রয়েছে বিসিবির। একই ধরনের উদ্যোগ নেওয়া হতে পারে নারী ক্রিকেটেও।

তামিম বলেন, ‘এটি শুধু এই মৌসুমের জন্য নয়, আমি গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানকে অনুরোধ করেছি যেন এটি প্রতি বছরের ক্যালেন্ডারে থাকে। একইভাবে আমরা নারী ক্রিকেটেও এটি করার চেষ্টা করব। নারী ক্রিকেটে আমাদের এখন অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত।’

জিডি ট্রফির সূচি
২৮ আগস্ট: বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
৩০ আগস্ট: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

২ সেপ্টেম্বর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-২৩
৩ সেপ্টেম্বর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৭

৫ সেপ্টেম্বর: বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
৭ সেপ্টেম্বর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

৯ সেপ্টেম্বর: ফাইনাল

 

Read Previous

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী, সবজি-ডিমেরও বাজার চড়া

Read Next

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

Most Popular