দীর্ঘদিন ধরে লোডশেডিং নিয়ে অতিষ্ঠ গ্রামের বাসিন্দারা। এক পর্যায়ে ক্ষোভের জেরে বিদ্যুৎ উপকেন্দ্রে গিয়ে এক জুনিয়র প্রকৌশলীকে হনুমান চালিসায় হাত রেখে সত্য বলার শপথ করিয়েছেন তারা। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের গোন্ডা জেলার একটি গ্রামের।
গত শুক্রবার (২৮ আগস্ট) রাতে হাতে হনুমান চালিসা নিয়ে উপকেন্দ্রে হাজির হন গ্রামবাসীরা। সেখানে জুনিয়র প্রকৌশলী আদর্শ কুমার ওঝাকে ঘিরে ধরে ২৪ ঘণ্টায় প্রকৃতপক্ষে কত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, তা জানতে চান তারা।
গ্রামবাসীদের অভিযোগ, প্রায় ছয় মাস ধরে তারা প্রতিদিন দুই ঘণ্টারও কম সময় বিদ্যুৎ পাচ্ছেন। উপকেন্দ্রে বিদ্যুৎ থাকা সত্ত্বেও ফিডারে বারবার সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এ সময় বিদ্যুৎ সরবরাহের প্রকৃত হিসাব জানতে প্রকৌশলীকে বিভিন্ন প্রশ্ন করেন স্থানীয়রা। একপর্যায়ে হনুমান চালিসার ওপর হাত রেখে সত্য কথা বলার শপথ করানো হয় তাকে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পরে প্রকৌশলী আদর্শ কুমার পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগে প্রায় এক ডজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে গালিগালাজ, হুমকি, সরকারি নথিপত্র ক্ষতিগ্রস্ত করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার কথা বলা হয়েছে।
কাটরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ পাঠক জানান, বিদ্যুৎ–বিভ্রাট নিয়ে গ্রামবাসীদের বিদ্যুৎ কর্মকর্তাদের প্রশ্ন করার একটি ভিডিও পুলিশের নজরে এসেছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকেও একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে, স্থানীয়দের বিদ্যুৎ-সংকট সমাধানে বিধায়ক বাওয়ান সিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দ্রুত একটি পাঁচ এমভিএ ট্রান্সফরমার চালুর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ট্রান্সফরমারটি চালু করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।
