জাতীয় দলের জার্সিতে অনেকদিন ধরেই টি-টোয়েন্টি দলে নেই নাজমুল হোসেন শান্ত। অধিনায়কত্ব ছাড়ার এক সিরিজ পরই বাদ পড়েন দল থেকে। আসন্ন এশিয়ান গেমস দিয়ে এই সংস্করণে আবার মাঠে ফিরতে যাচ্ছেন এই বাঁহাতি ব্যাটার। সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে হওয়া সংবাদ সম্মেলনে শান্তকে দলে নেওয়ার ব্যাখ্যা দিয়েছনে হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
সালাউদ্দিন মনে করেন শান্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা ১৫ খেলোয়াড়ের একজন। তিনি বলেন, ‘(এশিয়ান গেমসে) বাংলাদেশের সেরা ১৫ জন খেলোয়াড়ই খেলবে। এখন কে আসল আর কে গেল, সেটা আসলে বড় বিষয় না। বিষয় হচ্ছে, আমাদের সেরা ১৫ জন খেলোয়াড় খেলবে। আমি মনে করি, সবাই মিলেই মনে করেছে যে শান্ত সেরা ১৫ জন খেলোয়াড়ের মধ্যে একজন। সেভাবেই তাকে আসলে নেওয়া হয়েছে।’
শান্ত জাতীয় দলের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের মে মাসে। আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে ১৯০ টি-টোয়েন্টি খেলা শান্তর অভিজ্ঞতাকেই মূল্য দিচ্ছেন সালাউদ্দিন।
তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে (শান্ত) সে নতুন খেলোয়াড় না। সে সর্বশেষ টি-টোয়েন্টি যখন খেলেছে, সেখানেও সে খারাপ খেলেনি। তার অনেকগুলো সেঞ্চুরি আছে। বিপিএলেও তার অনেকগুলো সেঞ্চুরি আছে। তাকে আমার মনে হয়, এই ফরম্যাটে মানিয়ে নিতে তার কোনো সমস্যা হবে না। আমি আশা করি, একজন অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে আমরা তাকে টি-টোয়েন্টিতে খেলাতে পারবো।’
