ডেঙ্গু-চিকুনগুনিয়ার বিস্তার রোধে তিন ওয়ার্ডে চসিকের ক্র্যাশ প্রোগ্রাম

ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে নগরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় মশা নিধন ক্র্যাশ প্রোগ্রাম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৭, ১৮ ও ২৬ নম্বর ওয়ার্ডে বিশেষ মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) নগরীর এই ওয়ার্ডগুলোতে মশা নিধনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

ক্র্যাশ প্রোগ্রামের আওতায় সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর বিভিন্ন এলাকায় মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা হয়। একইসঙ্গে নালা-নর্দমা, ডোবা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিদর্শন করে মশার লার্ভা নিধনে ওষুধ প্রয়োগ করা হয়।

এছাড়া, উড়ন্ত মশা নিয়ন্ত্রণে ফগিং কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চসিক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নগরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে নিয়মিত মশা নিধন কার্যক্রমের পাশাপাশি বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমই যথেষ্ট নয়। নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি আরও বলেন, বাসাবাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার প্রজনন হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। নাগরিকদের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে মশাবাহিত রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় চসিকের বিশেষ মশা নিধন কার্যক্রম পর্যায়ক্রমে নগরের বিভিন্ন ওয়ার্ডে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Read Previous

অল্প সময়েই বানিয়ে ফেলুন মজাদার চিকেন কাবাব

Read Next

মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular