ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর অপসারণের আলোচনার তীব্র বিরোধিতা করে প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ফিফা যদি ইনফান্তিনোকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তা হবে একটি ‘ভয়াবহ ভুল’।
বিশ্বকাপের স্বত্ব বিক্রির বিতর্কিত সিদ্ধান্ত, রেফারিং বিতর্ক এবং ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে ইউরোপীয় ফুটবলের সংস্থা উয়েফাসহ কনকাকাফ ও এএফসি ইনফান্তিনোর ওপর চরম অসন্তুষ্ট। তবে লাতিন আমেরিকা ও আফ্রিকার পর এবার ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বন্ধু ইনফান্তিনোর নেতৃত্বকে সমর্থন জানিয়েছেন।
ট্রাম্প বলেন, ইনফান্তিনো ইতিহাসের সবচেয়ে সফল ও লাভজনক বিশ্বকাপের নেতৃত্ব দিয়েছেন। তিনি সরে গেলে বিশ্বকাপ আর কখনো এতটা সফল হতে পারবে না। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে দায়িত্ব পালন করা ইনফান্তিনো ২০২৭ সালের মার্চে টানা চতুর্থ ও শেষ মেয়াদের জন্য ফিফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
