বন্যায় প্লাবিত নেপালরে ধাদিং জেলার গালচি এলাকা। ছবি: রয়টার্স
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন আরও ৩৮৪ জন পর্যটক, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। বুধবার নেপালের পর্যটন বোর্ড ও পুলিশের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
নেপাল পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভয়াবহ এই বন্যার পর বুধবার (২৬ আগস্ট) সকালে বিভিন্ন বন্যাকবলিত জেলা থেকে অন্তত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বন্যার কারণে ধাদিং জেলার গালচি এলাকাসহ বিস্তীর্ণ অঞ্চল মারাত্মকভাবে প্লাবিত হয়েছে, যার ফলে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।
নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, বিভিন্ন ভ্রমণ সংস্থা ও ট্যুর কোম্পানিগুলোর কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকায় এখন পর্যন্ত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ এই পর্যটকদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালের নাগরিক।
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে নিখোঁজ পর্যটকদের অবস্থান দ্রুত শনাক্ত করতে নেপালি কর্তৃপক্ষ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দলগুলো বৈরী আবহাওয়ার মধ্যেই তাদের তল্লাশি ও উদ্ধারকাজ অব্যাহত রেখেছে।
