বড় হচ্ছে শাহরুখের ‘মান্নাত’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্বপ্নের ঠিকানা ‘মান্নাত’ আরও বড় হতে যাচ্ছে। দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটিয়ে ভারতের সুপ্রিম কোর্ট বাড়িটিতে দুটি অতিরিক্ত তলা নির্মাণের পথ উন্মুক্ত করে দিয়েছেন। ফলে সংস্কার ও সম্প্রসারণের কাজ এখন আর কোনো আইনি বাধার মুখে নেই। মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ‘গ্রেড-৩ হেরিটেজ’ কাঠামো হিসেবে তালিকাভুক্ত হওয়ায় মান্নাতে পরিবর্তন আনার পরিকল্পনা নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও কয়েকটি সংগঠন।

এ নিয়ে আদালতে করা আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, এ মামলায় হস্তক্ষেপের প্রয়োজন দেখছেন না তারা। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ২০২৫ সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের দেওয়া রায় বহাল রাখেন। শুনানিতে আদালত বলেন, এটি শাহরুখ খানের ব্যক্তিগত বাসভবন এবং সেখানে অতিরিক্ত তলা নির্মাণের সিদ্ধান্ত তারই। শুনানির সময় আবেদনকারী পরিবেশকর্মী সন্তোষ দৌণ্ডকরের আইনজীবী শোয়েব আলম যুক্তি দেন, শাহরুখ খান একজন তারকা বলেই বিষয়টিকে ভিন্নভাবে দেখা উচিত নয়। তবে সেই যুক্তি গ্রহণ করেননি আদালত। এদিকে মান্নাতের সংস্কারকাজ চলায় পরিবার নিয়ে আপাতত অন্য বাসায় উঠেছেন শাহরুখ খান।

গত বছর প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে মান্নাত থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মুম্বাইয়ের পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নেন তিনি। ৩৬ মাসের জন্য করা ওই ভাড়ার চুক্তি শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে জ্যাকি ভগনানি ও দীপশিখা দেশমুখের। এই অ্যাপার্টমেন্টের জন্য প্রতি মাসে প্রায় ২৪ লাখ রুপি ভাড়া গুনছেন বলিউডের ‘কিং খান’।

Read Previous

হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি

Read Next

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

Most Popular