রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে রিহ্যাবের অভিনন্দন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। শনিবার (২৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে রিহ্যাবের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে এ শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও জাতীয় জীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছে রিহ্যাব।

রিহ্যাব জানায়, পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং আবাসন খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে রাষ্ট্রের নীতিগত সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এ ক্ষেত্রে রাষ্ট্রপতি তার সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি দেশের মানুষের মৌলিক আবাসন চাহিদা পূরণ, পরিকল্পিত ও টেকসই নগরায়ণ এবং আবাসন খাতের উন্নয়নে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংগঠনটির।

বিশেষ করে সাধারণ মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগে রাষ্ট্রপতির নৈতিক ও সাংবিধানিক দিকনির্দেশনা ইতিবাচক ফল বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেছে রিহ্যাব।

বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। একই সঙ্গে তার দায়িত্ব পালনের মাধ্যমে রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ, অর্থনৈতিক অগ্রগতি ও জনগণের কল্যাণ আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

Read Previous

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন মঈন খান, পার্থ, সাচিং প্রু ও শামীম কায়সার

Read Next

বদলে যাচ্ছে শাহরুখের ‘মান্নাত’

Most Popular