আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী ২১ সেপ্টেম্বর তাঁর নিউইয়র্ক পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে জাতিসংঘের মূল অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও তিনি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সফর করতে পারেন বলে জানা গেছে।
এবারের সাধারণ পরিষদের অধিবেশনে বিশেষ ঐতিহাসিক দিক হলো, এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সভাপতি হিসেবে তাঁর পরিচালনায় অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, যা দেশের জন্য একটি বিরল অর্জন।
এ ছাড়া সফরসূচি অনুযায়ী নিউ ইয়র্কে ২৫ সেপ্টেম্বর তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে এবং ক্যালিফোর্নিয়ার টেকনোলজি হাব ‘বে এরিয়া’র বাংলাদেশি উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের দেশের উন্নয়নে সম্পৃক্ত করতে একাধিক বিশেষ প্রোগ্রামেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
ক্যালিফোর্নিয়া বিএনপিসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা এই সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেছেন। সব মিলিয়ে ৮ থেকে ১০ দিনের এই সফরটি বাংলাদেশের অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাইলফলক হবে বলে আশা করা হচ্ছে।
