নাটকের পাশাপাশি এর মধ্যে ওটিটিতেও দেখা গেছে তাঁকে। ‘চক্র ২’ সিরিজে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন। এবার নতুন একটি ওয়েব ফিল্মের মাধ্যমে আবারও ওটিটিতে ফিরছেন তৌসিফ।
আজ রবিবার থেকে শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাফে আমব্রেলা’ ওয়েব ফিল্মের শুটিংয়ে অংশ নিয়েছেন তৌসিফ।
‘ক্যাফে আমব্রেলা’য় তৌসিফের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন এবারের লাক্স সুপারস্টার বিজয়ী বিদুষী বর্ণিতা। এটি তাঁর অভিনয় ক্যারিয়ারের প্রথম প্রজেক্ট।
নতুন কাজ প্রসঙ্গে তৌসিফ মাহবুব কালের কণ্ঠকে বলেন, ‘অনেক দিন পর ওয়েবে ফেরা, সেই সাথে শিহাব ভাইয়ার সঙ্গেও অনেক দিন পর কাজ হচ্ছে।
উনার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা অন্যরকম। বলতে পারেন, মজার এবং শিক্ষণীয়। আশা করছি, এবারের কাজটা একটা নতুন অভিজ্ঞতা দেবে আমাকে। এ ছাড়া বর্ণিতার এটা অভিনয়ের প্রথম প্রজেক্ট। তার সঙ্গেও চমৎকার একটা কাজের অভিজ্ঞতা হবে বলে আশা করছি।
‘ক্যাফে আমব্রেলা’র পাঁচ দিনের শুটিং শেষ করেই আগামী সপ্তাহে থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তৌসিফের। প্রায় ১০ দিনের এই সফরে ব্যক্তিগত অবকাশের পাশাপাশি দুটি নাটকের শুটিংও করবেন তিনি। সেখানে তাঁর সঙ্গে থাকবেন কেয়া পায়েলসহ আরও অনেকে।
এই সফর নিয়ে তৌসিফ বলেন, ‘ওয়েব ফিল্মের শুটিংটা শেষ করেই একটা ছোট্ট ভ্যাকেশনে যাবে থাইল্যান্ড। সেখানে আমার সঙ্গে জোভান, কেয়া পায়েলসহ আরও অনেকেই থাকবেন। আমি দুটি নাটকের শুটিং করব, এরপর কিছুদিন একটু অবকাশ যাপন করব। এরপরই দেশে ফিরব।’
ওয়েব ফিল্ম ও নাটকের পাশাপাশি কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং নিয়েও ব্যস্ত রয়েছেন তৌসিফ। তবে জানালেন, শিগগিরই শেষ হতে যাচ্ছে এই সিজনের কাজ।
সিজনের গল্প বা শেষ পর্ব নিয়ে বিস্তারিত কিছু না জানালেও তৌসিফ বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শেষ হতে যাচ্ছে। লাস্ট অনেক দিন ধরে সেটারই শুটিং করছি, আরও কিছুদিন করা হবে। এরপর পরিচালকই সে বিষয়ে বিস্তারিত জানাবেন।’
এরই মধ্যে ক্যাপিটাল ড্রামার নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’র শুটিং শেষ করেছেন তৌসিফ। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন কেয়া পায়েল ও মালাইকা চৌধুরী। শিগগিরই নাটকটি প্রচারে আসবে।
নাটকটি নিয়ে তৌসিফ বলেন, ‘এটাকে প্রেমের গল্প বলা যায় না, বলতে পারেন সম্পর্কের গল্প। চিরাচরিত গল্পের বাইরে এটা একটু অন্যরকম। পায়েলের সঙ্গে আমার অনেক কাজ হয়েছে, এখানে মালাইকার সঙ্গে প্রথম। কাজটা করেও ভালো লেগেছে। আশা করি, দর্শক পছন্দ করবেন কাজটা।’
