ভারতের বিশাল ধাক্কা, শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরা

ফিটনেস পরীক্ষায় পাশ করায় তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরাকে রেখেই শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

কিন্তু দুই দিন পরেই এল দুঃসংবাদ।

বাঁ হাঁটুতে এখনো অস্বস্তি বোধ করায় শ্রীলঙ্কায় খেলতে যাওয়া হচ্ছে না বুমরার। নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে প্রাথমিক ফিটনেস মূল্যায়নের সময় বুমরার বাঁ হাঁটুতে অস্বস্তি ধরা পড়ে।

পরিস্থিতি বিবেচনায় চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেছেন, এখনই বুমরাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনা ঝুঁকিপূর্ণ হবে।

তাই শতভাগ ফিট হওয়ার জন্য তাকে আরো সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট খেলবে ভারত। গলে প্রথম টেস্ট শুরু ১৫ আগস্ট, কলম্বোয় দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ আগস্ট থেকে।

এই সময়ের মধ্যে বুমরা যদি পুরোপুরি ফিট হয়ে ওঠেন, তবু তাকে শ্রীলঙ্কায় পাঠানোর ব্যাপারে নিশ্চিত নয় বিসিসিআইয়ের চিকিৎসা বিভাগ।

বুমরার অনুপস্থিতিতে ভারতের পেস আক্রমণে মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণার দায়িত্ব আরো বাড়বে। বুমরার পরিবর্তে কাকে দলে নেওয়া হবে, সেটি নিয়ে নির্বাচকদের সিদ্ধান্তের অপেক্ষা করছেন সবাই। সম্ভাব্য বিকল্প হিসেবে আকিব নবী বা যশ ঠাকুরের নাম আলোচনায় আছে।

ভারতীয় দলে চোটের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে।

স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। পেস বোলিং অলরাউন্ডার নীতীশ রেড্ডি ও ফাস্ট বোলার হর্ষিত রানারও চোটের কারণে শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না। এবার সেই তালিকায় যুক্ত হলো বুমরার নাম।

Read Previous

ভুঁড়ি কি ভাত খাওয়ার কারণে বাড়ে?

Read Next

ওয়েব থেকে ভ্রমণ-ব্যস্ততায় তৌসিফের নতুন অধ্যায়

Most Popular