ওসমান হাদি গুলিবিদ্ধ, উদ্বেগ প্রকাশ করলেন জামায়াত আমির

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ জানান।

পোস্টে তিনি লেখেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।” তিনি আরও উল্লেখ করেন, হাদি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন এবং হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

ড. শফিকুর রহমান বলেন, “কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি। আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করুন।”

এর আগে দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ওসমান হাদি গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, আড়াইটার দিকে একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি জানান, গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, যেখানে তার চিকিৎসা চলছে।

Read Previous

ওসমান হাদি গুলিবিদ্ধ: সিসিটিভি ফুটেজে দেখা গেল যা

Read Next

হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

Most Popular