গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই: মির্জা ফখরুল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টন এলাকায় প্রচারণাকালে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর এক ফেসবুক পোস্টে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। “আমাদের মতাদর্শ যাই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করতে হবে,”—বলেন তিনি।

গুলিবিদ্ধ ওসমান হাদির চিকিৎসা সম্পর্কে তিনি জানান, প্রাথমিক খবরে জানা গেছে, তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমও। তিনি বলেন, “ওসমান হাদীকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা শহরকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে।” রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বানও জানান তিনি।

Read Previous

ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন

Read Next

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা অপূর্ব

Most Popular