ঢাকা-৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় সশস্ত্র হামলার ঘটনায় তিনি আহত হন।
ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদির অবস্থাকে ‘ক্রিটিক্যাল’ বলা যায়। তিনি বলেন,
“হাদির অবস্থা আশঙ্কাজনক। তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। গুলিটি তার মাথার ভেতরে রয়েছে।”
হামলার পরপরই তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, তার বাম কানের নিচে গুলি লেগেছে এবং অবস্থা অত্যন্ত গুরুতর।
ঘটনার সময় ওসমান হাদির সঙ্গে পেছনের রিকশায় ছিলেন মো. রাফি। তিনি গণমাধ্যমকে বলেন-
“জুমার নামাজ শেষে আমরা রিকশায় হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। বিজয়নগরে পৌঁছাতেই মোটরসাইকেলে আসা দুজন হাদি ভাইয়ের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়।”
বিকেলে ঢামেকে হাদিকে দেখতে গেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ‘ভুয়া’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান ইনকিলাব মঞ্চের সদস্যরা। পরে সেনা সদস্যরা তাকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করান।
ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন,
“আমরা শুনেছি তিনি বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি যাচাই করতে টিম পাঠানো হয়েছে। নিশ্চিত তথ্য পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।”
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে দ্রুত ঢামেকে আনা হয়। দুপুর সোয়া ২টার কিছু পরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
