ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার কিছু পর গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে হাসপাতালে আনা হয় এবং সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, জুমার নামাজের পর মোটরসাইকেলে আসা কয়েকজন হামলাকারী হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। তিনটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা ঘটনাস্থলে আসে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
মতিঝিল বিভাগের ডেপুটি কমিশনার হারুনর রশীদ বলেন, “ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ হাতে এলেই বোঝা যাবে কতজন এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত ছিল।” তিনি জানান, এখনো ঘটনার সময়কার মূল ফুটেজ তাদের হাতে আসেনি।
এদিকে ঘটনার কাছাকাছি একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ২টা ২০ মিনিটে গুলির শব্দ শোনা যায়। কয়েক সেকেন্ড পর দুই যুবককে মোটরসাইকেলযোগে দ্রুত সরে যেতে দেখা যায়। গুলির শব্দের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
