হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে : ডিএমপি কমিশনার

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের এসব কথা জানান তিনি ।

ডিএমপি কমিশনার বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা খুব গুরুতর।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে আহত করেন অস্ত্রধারীরা। পরে ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আনা হয়। অবস্থা গুরুতর হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

Read Previous

রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন

Read Next

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

Most Popular