দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩২ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২ হাজার ৫৭৩ দশমিক ৩১ মিলিয়ন ডলার।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভ বর্তমানে ২৭ হাজার ৮৭৫ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ হাজার ৪৮২ দশমিক ৮৮ মিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৭ হাজার ৮১৭ দশমিক ৮৬ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়। মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে নিট রিজার্ভের পরিমাণ নির্ধারিত হয়।
