ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে প্রতারণার অভিযোগ : নাহিদ ইসলাম

 

‎জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড একটি প্রতারণার প্যাকেজ। এ প্যাকেজের কথা বলে তারা জনগণকে বিভ্রান্ত করছে। বাংলাদেশের সংকট এখন কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের না।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে রামগঞ্জ উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-১ আসনের ১১ দল মনোনীত এনসিপি প্রার্থী মাহবুব আলমের সমর্থনে জনসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সংকট হচ্ছে ঋণ খেলাপি ও লুটেরাদের বিচারের আওতায় আনা। বাংলাদেশে যাতে বিনিয়োগ আসে সে ব্যবস্থা তৈরি করা। আমরা সে ধরনের পরিকল্পনা ও সে ধরনের ইশতেহার নিয়ে কথা বলছি। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে কথা বলছি, নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলছি।

নাহিদ একটি দলের শীর্ষ নেতাকে উদ্দেশ্য করে বলেন, তারা তাহাজ্জুদের নামাজের পরে ভোটকেন্দ্রে ভোটারদেরকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে কেন্দ্র দখল করে সিল মারার পাঁয়তারা করছেন। ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এ সকল ষড়যন্ত্র রুখে দেবে। ১২ ফেব্রুয়ারি ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য ১১ দলীয় জোটেরর নেতাকর্মীরা ভোট কেন্দ্র পাহারায় থাকবে। যারা ভোট প্রদানে বাধা হয়ে দাঁড়াবে, নানামুখী ষড়যন্ত্র করবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে হুঁশিয়ারি দেন এনসিপির এ নেতা।

এদিকে একই মঞ্চে এনসিপির মূখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইঁয়া বলেছেন, মিডিয়াকে আমরা আবারও দলীয়করণ হয়ে যেতে দেখেছি। উপরে উপরে সকল প্রতিষ্ঠানকে একদিকে হেলে পড়তে দেখছি। সকলকে মনে করিয়ে দিতে চাই ৫ আগস্টের পূর্বে এ দেশের সকল মিডিয়া দালালি করলেও ফ্যাসিবাদীকে রক্ষা করতে পারেনি। এ দেশের জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের এনসিপি প্রার্থী মাহবুব আলম, উপজেলা জামায়াত আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, নাগরিক পাটির উপজেলা আহ্বায়ক মো. মাছুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আহ্বায়ক মিজানুর রহমান।

Read Previous

সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করছে বিএনপি-ছাত্রদল: নাহিদ ইসলাম

Read Next

প্রচারণায় উৎসবের আমেজ, পরিবেশ নিয়ে সন্তুষ্ট ইসি আনোয়ারুল

Most Popular