শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক-শিক্ষিকাদের পদনাম অন্তর্ভুক্তি এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বুধবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই আদেশ জারি করে, যা ২০১৫ সালের ১ জুলাই থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে সহকারী শিক্ষক-শিক্ষিকারা তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বিশেষ এই বেতন সুবিধা পাবেন। এ ক্ষেত্রে: প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির জন্য দুটি অগ্রিম বর্ধিত বেতন (ইনক্রিমেন্ট) প্রাপ্য হবেন। এবং দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির জন্য একটি অগ্রিম বর্ধিত বেতন প্রাপ্য হবেন।
অর্থ মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৩০ অক্টোবরের সম্মতির পরিপ্রেক্ষিতে এই সংশোধন আনা হয়েছে। ‘চাকরি (বেতন ও ভাতা) আদেশ, ২০১৫’-এর ১২ (২) নম্বর অনুচ্ছেদে বর্ণিত তৎকালীন এডুকেশন ডিপার্টমেন্ট মেমোরেন্ডামের তফসিলে ‘সহকারী শিক্ষক-শিক্ষিকা’ পদনামটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অন্তর্ভুক্তির ফলেই শিক্ষকরা ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী বকেয়াসহ এই সুবিধা ভোগ করার আইনি অধিকার পেলেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এই আদেশটি ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। অর্থাৎ, ওই সময়ের পর থেকে যারা উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন বা কর্মরত ছিলেন, তারা বিধি অনুযায়ী বকেয়াসহ এই আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
