বাংলাদেশ ইস্যুতে অবশেষে মুখ খুলেছে শ্রীলঙ্কা

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যকার টানাপড়েনের মধ্যে অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করল সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা। দীর্ঘ সময় নীরব থাকার পর তারা জানিয়ে দিল, এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চায় তারা এবং আঞ্চলিক কোনো বিরোধে জড়াতে আগ্রহী নয়।

শ্রীলঙ্কা ক্রিকেটের সেক্রেটারি বান্দুলা দিসানায়েকে বার্তা সংস্থা এএফপিকে বলেন- ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার বিরোধে শ্রীলঙ্কা কোনো পক্ষ নেবে না। তিনি বলেন, ‘ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার এসব বিরোধে আমরা নিরপেক্ষ থাকছি।

তিনি আরো জানান, ভবিষ্যতে কোনো দেশ চাইলে শ্রীলঙ্কা তাদের টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত থাকবে।

বাংলাদেশের পক্ষ থেকে ভারতে নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরে ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানানো হলেও আইসিসি সেই আবেদন প্রত্যাখ্যান করে। পরে বাংলাদেশের অবস্থানে অনড় থাকার কারণে দলটিকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, যার ফলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

এই সিদ্ধান্তে বিশ্ব ক্রিকেটে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে পাকিস্তানও বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে সম্ভাব্য বয়কট বা ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়ে ভাবছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এ প্রেক্ষাপটে শ্রীলঙ্কা সরকার ও ক্রিকেট বোর্ড টুর্নামেন্ট আয়োজন নির্বিঘ্ন রাখতে বাড়তি সতর্কতা নিচ্ছে। দেশটির ক্রীড়ামন্ত্রী সুনিল কুমারা গামাগে জানিয়েছেন, বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচগুলোকে সর্বোচ্চ নিরাপত্তার আওতায় রাখা হবে।

উল্লেখ্য, রাজনৈতিক টানাপড়েনের কারণে ভারত ও পাকিস্তান বর্তমানে নিরপেক্ষ ভেন্যুতে একে অপরের বিপক্ষে ম্যাচ খেলে থাকে। সে অনুযায়ী, পাকিস্তান তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ।

Read Previous

তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

Read Next

কলকাতায় সেরা অভিনেত্রীর সম্মাননা পেলেন জয়া

Most Popular