ডা. তৃণা ইসলামকে অব্যাহতির প্রতিবাদে ডিএমএফ-এর নিন্দা

 

ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)-এর সেক্রেটারি ও সিনিয়র নিউজ প্রেজেন্টার ডা. তৃণা ইসলামকে নিয়োগপত্রের শর্ত লঙ্ঘন করে এবং কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই গ্রীন টেলিভিশন কর্তৃপক্ষ অন্যায়ভাবে ডিউটি রোস্টার থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে ডিএমএফ।

রোববার (১ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

​বিবৃতিতে বলা হয়, ডা. তৃণা ইসলাম দীর্ঘ দিন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে গ্রীন টেলিভিশনে সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার নিয়োগপত্রের ৮ নম্বর ধারা অনুযায়ী, অব্যাহতি প্রদানের ক্ষেত্রে দুই মাসের পূর্ব নোটিশ বা সমপরিমাণ বেতন প্রদানের বিধান থাকলেও কর্তৃপক্ষ তার কোনোটিই অনুসরণ করেনি। কোনো লিখিত কারণ দর্শানো বা প্রাতিষ্ঠানিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে ডিউটি রোস্টার থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা প্রচলিত শ্রম আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।

বিবৃতিতে ​ডিএমএফ সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, “নিজেদের সংগঠনের একজন শীর্ষস্থানীয় নেতার প্রতি এ ধরনের অন্যায় আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কেবল একজন গণমাধ্যমকর্মীর পেশাগত অধিকার ক্ষুণ্ণ করা নয়, বরং পরিকল্পিতভাবে একজন পেশাদার কর্মীকে হেনস্তা করার শামিল। এ ধরনের অপসংস্কৃতি গণমাধ্যমের শৃঙ্খলা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।”

​বিবৃতিতে আরও বলা হয়, গ্রীন টেলিভিশন কর্তৃপক্ষকে অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ডা. তৃণা ইসলামকে সসম্মানে কাজে পুনর্বহাল করার দাবি জানানো হচ্ছে। অন্যথায়, ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) আইনি পদক্ষেপ এবং সকল গণমাধ্যম সংগঠনকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

​সংগঠনটি আশা প্রকাশ করে যে, গ্রীন টিভি কর্তৃপক্ষ দ্রুত এই সংকটের সুষ্ঠু সমাধান করে গণমাধ্যমে ন্যায়বিচার ও পেশাদারিত্বের পরিবেশ বজায় রাখবে।

Read Previous

নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

Read Next

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের সাবেক নেতার গাড়িতে গুলি

Most Popular